১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে মহাসড়কে যানজট ও ভোগান্তি এড়াতে কুমিল্লা অংশে পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নেতারা।
বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) সকালে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নেতারা এ তথ্য জানান।
লংমার্চ উপলক্ষে শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কুমিল্লার পদুয়ার বাজার এবং দুপুর ১টায় চৌদ্দগ্রামে দুটি পথসভা অনুষ্ঠিত হবে। এসব পথসভায় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পড়েন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।
তিনি বলেন, লংমার্চ এবং কুমিল্লার পথসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচি শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় করা হয়েছে।
কুমিল্লা থেকে প্রায় এক হাজার যানবাহনে লক্ষাধিক নেতাকর্মী এই লংমার্চে অংশ নেবেন বলে জানান নেতারা।
সভায় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান, কুমিল্লা জেলা এবি পার্টির সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক ও কুমিল্লা মহানগর এনসিপির সদস্যসচিব মাসুমুল বারী কাউসার উপস্থিত ছিলেন।


