২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ (আইসিটি) আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে মাকসুদ কামাল ও জাফর ইকবাল ছাড়াও ঢাবি অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানবীর হাসানের নাম রয়েছে।
অভিযুক্তদের মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিক, এ কে এম জামাল উদ্দিন ও তানবীর হাসান বর্তমানে কারাগারে রয়েছেন। অপর পাঁচজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে প্রসিকিউশন।
অভিযোগপত্র দাখিলের পর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে উসকানি, ষড়যন্ত্র, চেষ্টা ও প্ররোচণার অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউটরের দাবি, এ এস এম মাকসুদ কামাল উসকানিমূলক বক্তব্য দিয়েছেন এবং ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।
গাজী মোনাওয়ার হোসেন তামিম বলেন, ‘আমরা এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছি।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের পর অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া এগিয়ে যাবে।



