...|...|...

অন্যান্য

জাকার্তার বৃষ্টির পানিতে মিলল মাইক্রোপ্লাস্টিক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২৫
Shares
জাকার্তার বৃষ্টির পানিতে মিলল মাইক্রোপ্লাস্টিক

বৃষ্টির পানিতে মাইক্রোপ্লাস্টিক। ছবি: এআই জেনারেটেড

বৃষ্টির পানির সাথেও যে মাইক্রোপ্লাস্টিক মাটিতে নেমে আসতে পারে, তার প্রমাণ মিলেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। দেশটির বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, বৃষ্টির পানিতে থাকা ক্ষুদ্র প্লাস্টিক কণার একটি অংশ বাতাস থেকে বৃষ্টির ফোঁটার সাথে নিচে নেমে আসে।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সির (বিআরআইএন) গবেষকেরা জাকার্তার উপকূলীয় এলাকা থেকে বৃষ্টির পানির নমুনা সংগ্রহ করে এ তথ্য পেয়েছেন। গবেষণায় প্রতি বর্গমিটার এলাকায় পড়া বৃষ্টির পানিতে গড়ে প্রায় ১৫টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।

গবেষক মোহাম্মদ রেজা কর্ডোভার হিসাবে, ১০০ বর্গমিটার আয়তনের একটি বাড়ির ছাদে বৃষ্টির মাধ্যমে দিনে প্রায় দেড় হাজার মাইক্রোপ্লাস্টিক কণা এসে পড়তে পারে। বৃষ্টিপাত বাড়ার সাথে বাতাসে থাকা এসব কণার নিচে নেমে আসার পরিমাণও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

গবেষণায় শনাক্ত হওয়া কণাগুলোর মধ্যে পোশাকে ব্যবহৃত সিনথেটিক তন্তু এবং গাড়ির টায়ারে থাকা পলিমারের অংশ রয়েছে। বিভিন্ন প্লাস্টিকজাত পণ্য পুড়ে বা ভেঙে ক্ষুদ্র টুকরায় পরিণত হলেও সেগুলো বাতাসে ভেসে থেকে পরে বৃষ্টির সাথে মাটিতে নামতে পারে।

ইন্দোনেশিয়ায় মাইক্রোপ্লাস্টিক দূষণের আরেকটি বড় উৎস হিসেবে বর্জ্য পোড়ানোর বিষয়টিও সামনে এসেছে। দেশটির জ্যাতিওয়ারিঙ্গিন ল্যান্ডফিলে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় ধোঁয়ার সাথে প্লাস্টিকের ক্ষুদ্র কণা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর শ্বাসযন্ত্রের সমস্যায় অনেক মানুষ চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন গবেষকরা।

শুধু পরিবেশ নয়, মানুষের শরীরেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে অ্যান্টার্কটিকার বরফ, মানুষের রক্ত ও বুকের দুধেও এসব ক্ষুদ্র কণা শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।

কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণাতেও ইন্দোনেশিয়ায় মানুষের মাইক্রোপ্লাস্টিক গ্রহণের মাত্রা বেশি হওয়ার তথ্য উঠে এসেছে। দেশটির জলসীমায় ধরা মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর শরীরেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ফলে প্লাস্টিক দূষণ সেখানে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্রমেই বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে।