...|...|...

ক্যাম্পাস

জবিতে সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো শিবির-ছাত্রদলের সমঝোতা বৈঠক

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, দুপুর ১২:২১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:৫৯
Shares
জবিতে সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো শিবির-ছাত্রদলের সমঝোতা বৈঠক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির মধ্যে আয়োজিত সমঝোতা বৈঠক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আগের সংঘর্ষের ঘটনায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সমঝোতায় যেতে রাজি নয় বলে জানিয়েছে শিবির ও ছাত্রশক্তির নেতারা। তবে ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আচরণবিধি (কোড অব কনডাক্ট) তৈরির বিষয়ে একমত হয়েছে ছাত্রদল।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাদের পাশাপাশি সরকার ও বিরোধী দলীয় কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, আলোচনার এক পর্যায়ে দুইপক্ষকে সমঝোতায় আসার আহ্বান জানান ঢাকা-৭ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। তিনি উভয়পক্ষের নেতাদের কোলাকুলি করে বিষয়টির সমাধানের অনুরোধ করেন।

তবে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম এবং জবি শিবির সভাপতি ও জকসুর জিএস আব্দুল আলিম আরিফ এতে সম্মতি দেননি। তারা গত ৪ আগস্ট ছাত্রদলের হামলার ঘটনায় বিচার দাবি করেন। বিচার কার্যকর না হওয়া পর্যন্ত কোনো ধরনের সমঝোতায় যাবেন না বলেও জানান তারা।

ফলে কোনো সমাধান ছাড়াই শেষ হয় বৈঠক। তবে বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সব ছাত্রসংগঠনের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য একটি সার্বজনীন কোড অব কনডাক্ট তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।

জকসুর পক্ষ থেকে দেওয়া ১৫ দফা প্রস্তাবনার ভিত্তিতে ক্যাম্পাসে শৃঙ্খলা ও সহাবস্থান নিশ্চিত করতে এ আচরণবিধি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।