...|...|...

সারাদেশ

কিশোরগঞ্জে ২৪৫ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, রাত ১০:৪০
Shares
কিশোরগঞ্জে ২৪৫ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

ছাত্রদল নেতা রামিম হাসান ওরফে মানার ভূঁইয়া (লাল চিহ্নিত)। ছবি: টাইমস টুডে

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে ছাত্রদল নেতাসহ ছয় জন আটক হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামে একটি আশ্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—থানেশ্বর ডোমহাটি এলাকার নূরুল হক ভূঁইয়ার ছেলে ও বাদলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রামিম হাসান ওরফে মানার ভূঁইয়া (২২), একই এলাকার মো. ছাতু ভূঁইয়ার ছেলে মো. মনির ভূঁইয়া (২০) ও মৃত মুঞ্জু ভূঁইয়ার ছেলে মো. সারোয়ার (২৭), থানেশ্বর নয়াবাড়ী এলাকার মো. রেজওয়ান ভূঁইয়ার ছেলে মো. সাব্বির (২০), বর্শিকুড়া দরগাপাড়া এলাকার আ. রাজ্জাক মোল্লার ছেলে মো. এশারুল মোল্লা (৩৮) এবং দক্ষিণ বর্শিকুড়া আওগাহাটি এলাকার কডু মিয়ার ছেলে মো. আরিফ (২৬)। তাদের সবার বাড়ি ইটনা উপজেলায়।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার ভোরে থানেশ্বর স্কুল অ্যান্ড কলেজের পাশে বন্যার্তদের জন্য নির্মিত একটি আশ্রয়কেন্দ্রে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, থানেশ্বর গ্রামে অভিযান চালিয়ে ২৪৫ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ইটনা থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে বাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান রনি বলেন, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রামিম হাসান ওরফে মানার ভূঁইয়া অন্য লাইনে চলে গেছেন। বিষয়টি উপজেলা নেতৃবৃন্দকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন বলেন, সদস্যসচিবের সাথে আলোচনা করে মানার ভূঁইয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।