শীতের আগমনে প্রকৃতিতে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। ঘুরে বেড়ানোর জন্য বছরের এই সময়টি বেশ উপযোগী। তবে কর্মব্যস্ত জীবনে দীর্ঘ ছুটি নিয়ে দূরে কোথাও যাওয়ার সুযোগ অনেকেরই হয় না। তাই সাপ্তাহিক ছুটিতে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে ঢাকার আশপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে আসতে পারেন।
ঐতিহাসিক স্থাপনা, সবুজের সমারোহ, নদীর সৌন্দর্য কিংবা ফুলের রাজ্য-সবই রয়েছে রাজধানী ও এর আশপাশে। একদিনের ভ্রমণের জন্য বেছে নিতে পারেন এমন সাতটি মনোরম স্থান।
১. পানাম নগর, সোনারগাঁও
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পানাম নগর বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক দর্শনীয় স্থান। শতবর্ষী ভবন, প্রাচীন স্থাপত্য ও নিস্তব্ধ সরু রাস্তা পর্যটকদের নিয়ে যায় অতীতের এক ভিন্ন সময়ে। পানাম নগরের পাশাপাশি ঘুরে দেখতে পারেন লোক ও কারুশিল্প জাদুঘর এবং ঐতিহাসিক গোয়ালদী মসজিদ।
ঢাকার গুলিস্তান থেকে মোগরাপাড়া হয়ে সহজেই পৌঁছানো যায় পানাম নগরে।
২. মৈনট ঘাট
সমুদ্রের মতো বিশাল জলরাশি আর বিস্তৃত বালুচরের কারণে ঢাকার দোহারে অবস্থিত মৈনট ঘাট পরিচিত ‘মিনি কক্সবাজার’ নামে। পদ্মার পাড়ে বসে সূর্যাস্ত উপভোগ, নৌভ্রমণ কিংবা ইলিশ ভাজা খেয়ে কাটিয়ে দিতে পারেন ছুটির দিন।
যাওয়ার পথে নবাবগঞ্জের জজবাড়ি, খেলারাম দাতার বাড়িসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাও ঘুরে দেখতে পারেন। গুলিস্তান থেকে বাবুবাজার সেতু হয়ে দোহারের পথে যাওয়া যায় মৈনট ঘাটে।
৩. জিন্দা পার্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্ক প্রকৃতিপ্রেমীদের জন্য চমৎকার একটি গন্তব্য। সবুজ গাছপালা, লেক, পদ্মপুকুর, মাটির ঘর ও দৃষ্টিনন্দন পাঠাগার পার্কটির সৌন্দর্য বাড়িয়েছে।
পরিবারের সঙ্গে বনভোজন, নৌভ্রমণ কিংবা নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য জায়গাটি বেশ উপযোগী। কুড়িল থেকে পূর্বাচল সড়ক ধরে কাঞ্চন সেতু হয়ে এখানে যাওয়া যায়।
৪. আহসান মঞ্জিল
বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা গোলাপি রঙের আহসান মঞ্জিল ঢাকার নবাবদের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী। প্রাসাদটির আকর্ষণীয় স্থাপত্য এবং জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন নিদর্শন দর্শনার্থীদের মুগ্ধ করে।
১৯৯২ সালে জাদুঘর হিসেবে উন্মুক্ত হওয়া এই স্থাপনা পুরান ঢাকার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। ইতিহাসের সঙ্গে পরিচিত হতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে আসতে পারেন এখানে।
৫. লালবাগ কেল্লা
মুঘল আমলের স্থাপত্যকলার অন্যতম নিদর্শন লালবাগ কেল্লা। পুরান ঢাকায় অবস্থিত এই দুর্গের ভেতরে রয়েছে পরী বিবির সমাধি, মসজিদ, দেওয়ান-ই-আম ও হাম্মামখানা।
সাজানো বাগান, প্রাচীন স্থাপত্য এবং ঐতিহাসিক পরিবেশের কারণে শীতের বিকেলে ঘুরে বেড়ানোর জন্য লালবাগ কেল্লা হতে পারে দারুণ একটি জায়গা।
৬. গোলাপ গ্রাম
সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুরে অবস্থিত গোলাপ গ্রাম। বিস্তীর্ণ এলাকাজুড়ে গোলাপের চাষ আর ফুলের বাগানের মাঝ দিয়ে চলে যাওয়া সরু পথ মুহূর্তেই ভুলিয়ে দিতে পারে শহরের ব্যস্ততা।
শীতের সকালে শিশিরভেজা ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্থানীয় ফুলের বাজারও ঘুরে দেখতে পারেন। সড়কপথে বিরুলিয়া হয়ে কিংবা মিরপুরের দিয়াবাড়ি বটতলা ঘাট থেকে নৌপথে যাওয়া যায় গোলাপ গ্রামে।
৭. ভাওয়াল জাতীয় উদ্যান
গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান সবুজ প্রকৃতির মাঝে সময় কাটানোর অন্যতম গন্তব্য। বিস্তীর্ণ শালবন, পাখির কলকাকলি ও নিরিবিলি পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে।
উদ্যানে রয়েছে বনভোজনের নির্ধারিত স্থান, কটেজ ও বিশ্রামাগার। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে দিনব্যাপী ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এখানে। ঢাকা থেকে জয়দেবপুর চৌরাস্তা পেরিয়ে ময়মনসিংহ মহাসড়ক ধরে পৌঁছানো যায় এই উদ্যানে।
শীতের শুরুতে এসব দর্শনীয় স্থান ভ্রমণ হতে পারে কর্মব্যস্ত জীবন থেকে সাময়িক স্বস্তি পাওয়ার চমৎকার উপায়। তবে যাত্রার আগে সংশ্লিষ্ট স্থানের প্রবেশমূল্য, সাপ্তাহিক ছুটি ও খোলার সময় জেনে নেওয়া ভালো।


