দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসিতে জেনারেল ম্যানেজার পদমর্যাদায় চিফ অডিট অফিসার (সিএও) নিয়োগ দেওয়া হবে। এই পদের মাসিক বেতন ৪ লাখ ৫০ হাজার, সাথে অন্যান্য সুবিধাও রয়েছে। তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে এই পদে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
পদের নাম ও মেয়াদ
চিফ অডিট অফিসার (সিএও) পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি জেনারেল ম্যানেজার পদমর্যাদায় পূর্ণ নির্বাহী ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করবেন। নিয়োগের মেয়াদ হবে তিন বছর।
বেতন ও সুযোগ-সুবিধা
এই পদে মাসিক বেতন ও ভাতা মিলিয়ে মোট লাখ ৫০ হাজার টাকা দেওয়া হবে। এর মধ্যে মূল বেতন ২ লাখ ৪৫ হাজার, বাড়িভাড়া ৭০ হাজার, চিকিৎসা ভাতা ৪০ হাজার, বিনোদন ভাতা ২০ হাজার, ইউটিলিটি ২৫ হাজার এবং যাতায়াত ভাতা ৫০ হাজার টাকা।
এর বাইরে বছরে দুটি উৎসব বোনাস, ব্যাংকের নিয়ম অনুযায়ী ইনসেনটিভ বোনাস, টিএ/ডিএ এবং জেনারেল ম্যানেজার পদমর্যাদার কর্মকর্তাদের হারে সংবাদপত্র, মোবাইল ফোন ও আবাসিক টেলিফোন বিল দেওয়া হবে।
দায়িত্বসমূহ
- চিফ অডিট অফিসারের প্রধান দায়িত্ব হবে ব্যাংকের অভ্যন্তরীণ অডিট কার্যক্রমের সার্বিক তদারকি ও ব্যবস্থাপনা এবং একটি স্বচ্ছ ও নিরপেক্ষ অডিট সংস্কৃতি প্রতিষ্ঠা করা। প্রতি বছর ঝুঁকিভিত্তিক সমন্বিত অডিট পরিকল্পনা তৈরি করে পরিচালনা পর্ষদের অডিট কমিটির অনুমোদন নিতে হবে।
- এ ছাড়া ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের ঝুঁকি মূল্যায়ন, অডিট পরিকল্পনা বাস্তবায়ন, অডিট ও পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা এবং গুরুতর অনিয়মের তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অডিট কমিটিকে অবহিত করতে হবে।
- জালিয়াতি, আত্মসাৎ, দুর্নীতি, অনিয়ম বা গুরুতর অসদাচরণের ঘটনায় তদন্ত পরিচালনা, বিশেষ অডিট ও আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করাও এ পদের দায়িত্বের মধ্যে রয়েছে। পাশাপাশি ব্যাংকে শক্তিশালী কমপ্লায়েন্স সংস্কৃতি, কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ও তথ্যপ্রযুক্তিনির্ভর অডিট ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
- চিফ অডিট অফিসারকে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সাথের প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে হবে। অডিটরদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নেও উদ্যোগ নিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই FCA (ফেলো অব দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস) হতে হবে। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ, তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা
আর্টিকেলশিপসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অডিট বিভাগে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোর রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে স্পষ্ট জ্ঞান এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতাও থাকতে হবে। কোনো বাণিজ্যিক ব্যাংকের অডিট বিভাগে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়সসীমা
২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬০ বছরহতে হবে। তবে কোনো বাণিজ্যিক ব্যাংকে অডিটের অভিজ্ঞতা থাকলে বয়সসীমা সর্বোচ্চ ৬২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ঠিকানায় আবেদন জমা দিতে হবে। আবেদনের সাথে বিস্তারিত জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, এনআইডির কপি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, স্থায়ী ও বর্তমান ঠিকানা, ই-মেইল ও ফোন নম্বর দিতে হবে।
এ ছাড়া দায়িত্ব সম্পর্কে এক পৃষ্ঠার ধারণাপত্র, প্রত্যাশিত বেতন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যও আবেদনের সাথে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৬।
আবেদনের পাঠানোর ঠিকানা
জেনারেল ম্যানেজার
মানবসম্পদ উন্নয়ন বিভাগ
সোনালী ব্যাংক পিএলসি.
প্রধান কার্যালয়
৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা
ঢাকা-১০০০
ফোন- ০২২২৩৩৮৫৯৪৫
সোনালী ব্যাংক কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল কিংবা পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করার অধিকার সংরক্ষণ করে। সোনালী ব্যাংকের চাকরির এই বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।


