...|...|...

খেলা

চীনের জনগণের কাছে ক্ষমা চাইলেন এমবাপ্পে, নেপথ্যে যে কারণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫৬
Shares
চীনের জনগণের কাছে ক্ষমা চাইলেন এমবাপ্পে, নেপথ্যে যে কারণ

কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

চীনের সাবেক শীর্ষ নেতা মাও জে দংকে নিয়ে অবিবেচনাপ্রসূত মন্তব্যের জেরে সৃষ্ট বিতর্কে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। তার মন্তব্যের কারণে চীনে ব্যাপক ক্ষোভ তৈরি হওয়ায় কয়েকটি চীনা ব্র্যান্ড তার সাথে বাণিজ্যিক চুক্তি বাতিল করেছে।

এ ছাড়া চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি রিয়াল মাদ্রিদ তারকার ম্যাচ সম্প্রচার বন্ধ করে দিয়েছে বলে ক্রীড়াভিত্তিক মাধ্যম গোল ডটকম-এর প্রতিবেদনে বলা হয়েছে।

বিতর্কের সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে। সেখানে নিজের পছন্দের একটি মিম নিয়ে কথা বলতে গিয়ে এমবাপ্পে বলেন, 'আমাকে সবচেয়ে বেশি হাসায় এমন একটি ভিডিও, যেখানে একজন ব্যক্তিকে দেখা যায়—আমার মনে হয়, তিনি একজন চীনা স্বৈরশাসক।' সে সময় পর্দায় মাও জে দংয়ের ছবির ওপর এমবাপ্পের মুখ বসানো একটি মিম দেখানো হচ্ছিল।

তীব্র সমালোচনার মুখে নিজের মন্তব্যের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড এক বিবৃতিতে বলেন, 'সাক্ষাৎকারে আমার মন্তব্যটি একেবারেই যথাযথ ছিল না। আমি এখন বুঝতে পারছি, এতে চীনসহ বিশ্বজুড়ে থাকা চীনা সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। চীনের জনগণ ও তাদের ইতিহাসের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।'

এদিকে এমবাপ্পের মন্তব্যে সৃষ্ট জটিলতার পর চীনের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন স্প্যানিশ লিগের সভাপতি হাভিয়ের তেবাসও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, 'লা লিগার পক্ষ থেকে আমি চীনের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। কোনো একজন ব্যক্তির কর্মকাণ্ডের জন্য আমরা চীনের সাথে সুদীর্ঘ বাণিজ্যিক ও সামাজিক সম্পর্ক নষ্ট হতে দিতে পারি না।' একই সাথে পরিস্থিতি স্বাভাবিক করতে চীনা অংশীদারদের সাথে লা লিগা কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।