চট্টগ্রামের ষোলশহরে সবজি বিক্রেতাদের ভ্যানগাড়ি থেকে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় ফজল আমিন নামে এক যুবদল নেতাকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ফজল আমিন পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে পূর্ব ষোলশহরে ফুটপাত দখল করে ভ্যানগাড়িতে ব্যবসা করা নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ফজল আমিনকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘটনাটি জানাজানি হয় শনিবার।
নিহতের ছেলে জোবাইরুল হক ইনান অভিযোগ করেন, তার বাবা দীর্ঘদিন ধরে এলাকায় ফুটপাত দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে আসছিলেন। ভ্যানগাড়ি থেকে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় তাকে ধাক্কা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পূর্ব ষোলশহরের ওই এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ভ্যানগাড়িতে ব্যবসা চলে আসছে। এতে পথচারীদের বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতে হয়।
স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, এসব ভ্যানগাড়ি বসানোর বিনিময়ে একটি চক্র নিয়মিত চাঁদা আদায় করে। ফজল আমিনের মৃত্যুর পর ওই অভিযোগ আবারও সামনে এসেছে।
তবে ফজল আমিনের মৃত্যুর প্রকৃত কারণ এবং তাকে ধাক্কা দেওয়ার সঙ্গে মৃত্যুর সরাসরি সম্পর্ক ছিল কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি (তদন্ত) মো. সবুজ।
শনিবার বিকেলে তিনি জানান, এ ঘটনায় ফজলের পরিবার থানায় মামলা করেছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, ফজল আমিন ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ঘটনার বিষয়ে সংগঠনের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করা হয়েছে।



