...|...|...

ক্যাম্পাস

চবির আবাসন সংকট মেটাতে অর্থমন্ত্রীর দ্বারে চাকসু এজিএস

সজল চন্দ্র রায়, চবি প্রতিনিধি
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০১ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০২
Shares
চবির আবাসন সংকট মেটাতে অর্থমন্ত্রীর দ্বারে চাকসু এজিএস

পাহাড় আর সবুজে ঘেরা ২ হাজার ৩০০ একরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হাজারো তরুণ-তরুণীর স্বপ্নের ঠিকানা হলেও দীর্ঘদিন ধরে আবাসন সংকট শিক্ষার্থীদের অন্যতম বড় ভোগান্তির কারণ হয়ে আছে। প্রায় ২৭ হাজার শিক্ষার্থীর বিপরীতে মাত্র ২৩ শতাংশ আবাসিক সুবিধা পাচ্ছেন। ফলে ৭৭ শতাংশ শিক্ষার্থীকে হলের বাইরে কটেজ, মেস কিংবা ভাড়া বাসায় অতিরিক্ত খরচে থাকতে হচ্ছে। এতে বিশেষ করে অর্থনৈতিকভাবে অসচ্ছল ও নারী শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়ছেন।

দীর্ঘদিনের এ সংকট নিরসনে সম্প্রতি সরকারের উচ্চপর্যায়ে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের আবাসন সংকটের দ্রুত সমাধানের দাবিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।

বিশ্ববিদ্যালয়সংলগ্ন কটেজগুলোতে বসবাসের পরিবেশ নিয়েও দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। অনেক কটেজে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব রয়েছে। বৃষ্টির সময় পানি পড়া ও স্যাঁতসেঁতে পরিবেশের কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পর্যাপ্ত আবাসিক সুবিধা না থাকায় বিশেষ করে নারী শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে দূরে থাকতে হচ্ছে, যা তাদের যাতায়াত ও নিরাপত্তার ক্ষেত্রেও বাড়তি ঝুঁকি তৈরি করছে।

আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে পাঁচটি ছাত্র হল ও পাঁচটি ছাত্রী হল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। প্রতিটি হল ১০ তলা করার পরিকল্পনা রয়েছে। তবে এত বড় প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে।

এ অবস্থায় দীর্ঘমেয়াদি প্রকল্পের পাশাপাশি দ্রুত আবাসন সংকট মোকাবিলায় ১০ তলা বিশিষ্ট অন্তত একটি ছাত্র হল ও একটি ছাত্রী হল জরুরি ভিত্তিতে নির্মাণের দাবি জানিয়েছেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।

অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সাথে সাক্ষাৎকালে তিনি বলেন, পুরো ১০টি হল নির্মাণের অপেক্ষায় থাকলে বর্তমান শিক্ষার্থীদের একটি বড় অংশের শিক্ষাজীবনই শেষ হয়ে যাবে। তাই দ্রুততম সময়ে দুটি ১০ তলা বিশিষ্ট আবাসিক হল নির্মাণ করা গেলে একসাথে বিপুলসংখ্যক শিক্ষার্থীর আবাসন সমস্যার আংশিক সমাধান সম্ভব হবে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও ছাত্রীদের ভোগান্তিও কমবে।

এ সময় শিক্ষার্থীদের আবাসন সংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে শোনেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। তিনি বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখার এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান চাকসুর এজিএস।