...|...|...

সারাদেশ

চট্টগ্রামে যৌতুকের মামলায় কলেজ শিক্ষক গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, সকাল ৬:৩০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫৪
Shares
চট্টগ্রামে যৌতুকের মামলায় কলেজ শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামে যৌতুকের মামলায় ৪৩তম বিসিএস ক্যাডার ও বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাকসুদুল হাসান (৩৪) গ্রেফতার হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) রাত ১টার দিকে নগরীর শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।

মামলার এজাহার ও আদালতে দাখিল করা নথি অনুযায়ী, এক তরুণীর সঙ্গে মাকসুদুল হাসানের বিয়ে হয়। বিয়ের পর ওই তরুণীর কাছে যৌতুক দাবি এবং তা দিতে না পারায় তাকে বিভিন্নভাবে চাপ ও হয়রানি করার অভিযোগ ওঠে।

মামলার নথিতে বাদীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করার কথা উল্লেখ করা হয়েছে। দাবিকৃত টাকা দিতে না পারায় তাকে মানসিকভাবে চাপ প্রয়োগ ও বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন বাদী। এ ঘটনায় যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৪ ধারায় মামলা করা হয়।

এছাড়া, বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া এলাকার এক তরুণীর সঙ্গে মাকসুদুল হাসানের সম্পর্কের একটি ভিডিও জুলাইয়ের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। স্থানীয়ভাবে জানা গেছে, ওই তরুণী মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি এলাকায় ব্যাপকভাবে আলোচিত হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে রাত ১টার দিকে শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনের নিজ বাসা থেকে মাকসুদুল হাসানকে গ্রেফতার করা হয়েছে।