চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হলেও কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাকলিয়া থানার অ্যাকসেস রোডের পাশে সৈয়দশাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে হঠাৎ দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়। এ সময় কয়েকটি বিকট শব্দ শোনা যায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর গণমাধ্যমকে বলেন, মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে মুরাদ বাহিনীর মুরাদ ও জসিমের অনুসারীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। এছাড়া কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। ফটকা ফোটানো হয়েছে, টিনের ঘরে পাথর নিক্ষেপের কারণে শব্দ হয়েছে।


