...|...|...

তথ্যপ্রযুক্তি

গেম নির্মাতাদের জন্য নতুন দুয়ার খুলছে রোবলক্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৫৩
Shares
গেম নির্মাতাদের জন্য নতুন দুয়ার খুলছে রোবলক্স

ছবি: এআই জেনারেটেড

গেম নির্মাতাদের জন্য বড় পরিবর্তন আনছে জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স। এখন থেকে নির্মাতারা চাইলে নিজেদের তৈরি গেম মূল রোবলক্স অ্যাপের বাইরে আলাদা অ্যাপ হিসেবেও ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে পারবেন। মোবাইল, কম্পিউটার ও কনসোল- সব প্ল্যাটফর্মেই এই সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

রোবলক্সের ক্রিয়েটরস কনফারেন্সে নতুন এই সুবিধাসহ গেম তৈরির বিভিন্ন প্রযুক্তি নিয়ে ঘোষণা দেওয়া হয়। আলাদা অ্যাপ হিসেবে গেম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সেবাও নির্মাতাদের সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। ফলে গেম তৈরি করার পর সেটি ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে।

এদিকে চলতি বছরের শেষ নাগাদ গুগল ক্রোম ব্রাউজার থেকেই রোবলক্সের গেম খেলার সুযোগ চালু হতে পারে। এজন্য আলাদা অ্যাপ ডাউনলোডের প্রয়োজন হবে না। গেমের তথ্যসংবলিত পেজ থেকেই সরাসরি খেলা যাবে। পরবর্তী সময়ে অন্যান্য ব্রাউজারেও এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

শুধু অনলাইনেই নয়, একই গেমে অফলাইন খেলার সুবিধা যুক্ত করার কাজও করছে রোবলক্স। এর ফলে কোনো কোনো গেমের সিঙ্গেল-প্লেয়ার ক্যাম্পেইন ইন্টারনেট সংযোগ ছাড়াই খেলা সম্ভব হবে।

গেম তৈরির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও বাড়াচ্ছে রোবলক্স। এরই মধ্যে ‘বিল্ড’ নামে একটি সুবিধা চালু হয়েছে, যেখানে নির্মাতারা লিখিত নির্দেশনা বা টেক্সট প্রম্পট ব্যবহার করে গেম তৈরি, পরীক্ষা ও প্রকাশ করতে পারেন। জুলাইয়ে চালুর পর এখন পর্যন্ত প্রায় ৯ হাজার গেম এই প্রযুক্তির মাধ্যমে প্রকাশ হয়েছে।

রোবলক্সের তথ্য অনুযায়ী, এসব গেমের নির্মাতাদের প্রায় ৭১ শতাংশ এর আগে রোবলক্স স্টুডিও ব্যবহার করেননি। অর্থাৎ নতুন প্রযুক্তির মাধ্যমে অভিজ্ঞতা কম থাকা ব্যবহারকারীদেরও গেম তৈরির সুযোগ তৈরি হচ্ছে।

এ ছাড়া ‘সিন জেনারেটর’ নামে আরেকটি এআই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। এটি ব্যবহার করে লিখিত নির্দেশনা ও নমুনা ছবি থেকে গেমের পরিবেশ ও লে-আউট তৈরি করা যাবে। পাশাপাশি গেম পরীক্ষা করার জন্য এআই-নির্মিত চরিত্র ব্যবহারের সুবিধাও চালুর পথে রয়েছে।

রোবলক্সের এসব উদ্যোগে একদিকে যেমন গেম নির্মাণের প্রক্রিয়া সহজ হবে, অন্যদিকে নির্মাতারা নিজেদের তৈরি গেম আরও বিভিন্ন মাধ্যমে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাবেন।