...|...|...

সারাদেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ক্ষতি ১০ লাখ টাকা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০৭
Shares
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ক্ষতি ১০ লাখ টাকা

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় অবস্থিত এস এন ফ্যাশন নামের কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে কারখানাটির চতুর্থতলা ভবনের তৃতীয় তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বাড়লে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।