...|...|...

ঢাকা

গাজীপুরে দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ভোর রাত ৪:১০ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, রাত ৯:৩২
Shares
গাজীপুরে দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার টেপিরবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই মায়ের নাম মনি আক্তার (৩০)। তিনি নেত্রকোনা সদরের বাসিন্দা মোবারক হোসেনের স্ত্রী। তার দুই সন্তান হলো আব্দুল্লাহ (৪) ও মাইশা (২)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোবারক হোসেন সপরিবারে টেপিরবাড়ী এলাকায় রতন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাড়ি ফিরে তিনি দেখেন, স্ত্রী ও দুই সন্তান মেঝেতে পড়ে ছটফট করছেন। শিশুদের মুখ দিয়ে ফেনা বের হতে দেখে এবং ঘরে কীটনাশকের গন্ধ পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার পর দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মা মনি আক্তার বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’