...|...|...

বিশ্ব

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির লাশ উদ্ধার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, সকাল ৬:৫৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৩৫
Shares
গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া দুটি বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স দল। শনিবার (১৫ আগস্ট) উদ্ধারকাজ চলাকালে আরও একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচে আটকে থাকা প্রায় ৪০ জনের লাশ উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আনাদোলু নিউজ এজেন্সিকে জানান, পূর্ব গাজা সিটির আসকুলা এলাকার কাছে বাতনিজি পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে ১২ জনের লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, ওই এলাকায় উদ্ধার অভিযান শেষ করার পর পশ্চিম গাজা সিটির কাতিবা এলাকায় ঘারবিয়া পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও ৯ জনের লাশ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

এরপর পূর্ব গাজা সিটির জেইতুন এলাকার আল-মাগরিবি পরিবারের বাড়িতে উদ্ধার অভিযান শুরু করে সিভিল ডিফেন্স দল। সেখানে ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় ৪০ জনের লাশ আটকে থাকার তথ্য পাওয়া গেছে বলে জানান মাহমুদ বাসাল।

তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ  উদ্ধারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি, উদ্ধার সরঞ্জাম, জ্বালানি ও অন্যান্য লজিস্টিক সহায়তার সংকট। এসব উপকরণের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিত মানুষ ও লাশ উদ্ধারে দীর্ঘ সময় লাগছে।

দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে গাজা উপত্যকার অসংখ্য ভবন ধ্বংস হয়ে গেছে। এসব ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধান ও লাশ উদ্ধারে সিভিল ডিফেন্স কর্মীরা প্রতিনিয়ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।