বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া। তিনি বাংলাদেশের ভাগ্যের সাথে জড়িয়ে রয়েছেন।
তিনি বলেন, দীর্ঘ লড়াইয়ে বিএনপি যেভাবে একটি সম্পূর্ণ দল হয়ে উঠেছে, তার প্রধান কারিগর ছিলেন তিনি। তার আদর্শকে ধারণ করে, তার আত্মার মাগফেরাত কামনা করছি।
শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি কখনো নত হননি। নেত্রীর ত্যাগ ও আপসহীনতার কারণে বাংলাদেশ আজ এ পর্যায়ে এসেছে। খালেদা জিয়াকে আমাদের ধারণ করতে হবে।


