...|...|...

সারাদেশ

খুলনায় দুই বন্দুক নিয়ে ধরা আশিক বাহিনীর শুটার জনি

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৯
Shares
খুলনায় দুই বন্দুক নিয়ে ধরা আশিক বাহিনীর শুটার জনি

ছবি: টাইমস টুডে

খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ জনি (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। তিনি সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার হিসেবে পরিচিত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৩১ অক্টোবর) রাত দেড়টার দিকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় এ অভিযান চালায় এসআরবি-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনিকে আটক করে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, জনির পিসি-পিআর (পুলিশ ক্লিয়ারেন্স ও পূর্ববর্তী অপরাধের রেকর্ড) পর্যালোচনায় খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য পাওয়া গেছে।

উদ্ধার করা অস্ত্র ও গুলি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় জনির বিরুদ্ধে খুলনা মহানগরীর সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি-৬।