খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ ডিসেম্বর প্রথম দিনে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘সি’ ইউনিটের অধীনে রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের বিভিন্ন ডিসিপ্লিন। অন্যদিকে ‘ডি’ ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহ।
পরদিন ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এর মধ্যে ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলো। আর ‘বি’ ইউনিটের আওতায় রয়েছে জীববিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি, আবেদন প্রক্রিয়া, আসন বিন্যাস ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


