মিশরে কোরআন বিষয়ক একটি ইসলামী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ জিতেছেন মিনা নামে এক খ্রিস্টান যুবক। তবে নিজের জন্য নয়, মুসলিম প্রতিবেশীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতেই তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
মিশরের ইসলামী আলোচক ড. আইমান আবু ওমর পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমের একটি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে মিনা জানতে পারেন, তার প্রতিবেশী উম আলী বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ পেতে ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এরপর উম আলীর স্বপ্ন পূরণে সহায়তা করতে তিনিও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
মিনা জানান, তিনি খ্রিস্টান হলেও প্রতিবেশীর প্রতি ভালোবাসা ও সম্মান থেকেই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শুরুতেই তিনি উম আলীকে জানিয়েছিলেন, তিনিও প্রতিযোগিতায় অংশ নেবেন। উম আলী যদি পুরস্কার জিততে না পারেন, তাহলে তার হয়ে পুরস্কার জেতার চেষ্টা করবেন।
পুরস্কার জেতার জন্য মিনা ৫০ থেকে ৬০ বারের বেশি সঠিক উত্তর জমা দেন। শেষ পর্যন্ত তার প্রচেষ্টা সফল হয় এবং তিনি বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ লাভ করেন।
উম আলী বলেন, প্রতিযোগিতায় মিনার অংশগ্রহণ সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। পরে যখন তিনি জানতে পারেন, তার জন্য ওমরাহ পালনের সুযোগ নিশ্চিত হয়েছে, তখন তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি জানান, ওমরাহ পালন তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। শারীরিক সক্ষমতা থাকা অবস্থায় এই পবিত্র সফরে যাওয়ার জন্য তিনি নিয়মিত প্রার্থনা করতেন।
মিনা বলেন, সুখবরটি দেওয়ার পর তিনি উম আলীর চোখে আনন্দের অশ্রু দেখেছেন। তার ভাষ্য, তিনি আগে বুঝতে পারেননি, ওমরাহর সুযোগ একজন মানুষের জীবনে এতটা আনন্দ নিয়ে আসতে পারে।
জানা গেছে, মিনা ও উম আলীর পরিবার দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিবেশী হিসেবে বসবাস করছে। দীর্ঘদিনের এই সম্পর্ক এখন পারিবারিক বন্ধনে পরিণত হয়েছে। খ্রিস্টান হয়েও মিনা উম আলীকে নিজের বড় বোনের মতো মনে করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা দেখান।
ঘটনাটি মিসরের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে। অনেকেই বলছেন, মিনার এই উদ্যোগ মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও মানবিক সম্পর্কের এক অনন্য উদাহরণ।
সূত্র: গালফ নিউজ

