...|...|...

জাতীয়

কোন ট্রেন কোথায় আছে, দেখবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৯
Shares
কোন ট্রেন কোথায় আছে, দেখবেন যেভাবে

ছবি: এআই

ট্রেনের টিকিট কাটা হয়েছে, যাত্রার সময়ও ঘনিয়ে এসেছে। কিন্তু নির্ধারিত সময়ে ট্রেনটি স্টেশনে পৌঁছাবে কি না, কিংবা বর্তমানে কোথায় আছে-তা জানা যাচ্ছে না। কাউকে স্টেশনে নিতে যাওয়ার আগেও অনেকে ট্রেনের অবস্থান জানতে চান। এমন পরিস্থিতিতে এখন আর শুধু স্টেশনে গিয়ে অপেক্ষা করতে হয় না। মোবাইল ফোনে এসএমএস, অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করেই ট্রেনের অবস্থান, চলাচলের অগ্রগতি এবং সম্ভাব্য বিলম্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়।

বাংলাদেশে ট্রেনের অবস্থান জানার জন্য বাংলাদেশ রেলওয়ের এসএমএস সেবার পাশাপাশি কয়েকটি অ্যাপ ও ওয়েবসাইট রয়েছে। তবে এসব সেবার তথ্যের উৎস ও নির্ভুলতা এক নয়। বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ট্র্যাকিং ব্যবস্থা ছাড়াও কিছু প্ল্যাটফর্ম যাত্রীদের শেয়ার করা জিপিএস লোকেশনের ভিত্তিতে ট্রেনের অবস্থান দেখায়। ফলে কোনো সেবা ব্যবহারের আগে সেটি কীভাবে তথ্য সংগ্রহ করে, তা জানা জরুরি।

এসএমএসে জানুন ট্রেনের অবস্থান

ইন্টারনেট সংযোগ ছাড়াই ট্রেনের অবস্থান জানার সুযোগ রয়েছে বাংলাদেশ রেলওয়ের ট্রেন ট্র্যাকিং মনিটরিং সিস্টেমের মাধ্যমে।

এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে TR। এরপর একটি স্পেস দিয়ে কাঙ্ক্ষিত ট্রেনের নম্বর বা নাম লিখে এসএমএস পাঠাতে হবে ১৬৩১৮ নম্বরে।

উদাহরণ হিসেবে, সুবর্ণ এক্সপ্রেসের ট্রেন নম্বর ৭০১ হলে লিখতে হবে TR 701। এরপর ফিরতি এসএমএসে ট্রেনটির অবস্থান, গন্তব্য, ছাড়ার সময়, পরবর্তী স্টেশন এবং বিলম্বের তথ্য পাওয়া যাবে।

বিডি ট্রেন ট্র্যাকিং অ্যাপে থ্রিডি ম্যাপে দেখুন ট্রেন

ট্রেনের অবস্থান জানার অ্যাপগুলোর মধ্যে রয়েছে ‘বিডি ট্রেন ট্র্যাকিং’ (BD Train Tracking)। অ্যাপটির বিশেষত্ব হলো, এতে যাত্রীদের শেয়ার করা জিপিএস লোকেশনের ভিত্তিতে ট্রেনের অবস্থান দেখা যায়। ট্রেনে থাকা কোনো যাত্রী নিজের অবস্থান শেয়ার করলে অন্য ব্যবহারকারীরা থ্রিডি মানচিত্রে ট্রেনটির সর্বশেষ অবস্থান দেখতে পারেন।

অ্যাপটি তৈরি করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং গতিশীল ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা আল আমিন। এটি যাত্রীদের অংশগ্রহণে পরিচালিত একটি কমিউনিটি-ভিত্তিক ট্রেন ট্র্যাকিং প্ল্যাটফর্ম।

বর্তমানে অ্যাপটির ব্যবহারকারী পাঁচ লাখের বেশি। প্রতিদিন গড়ে প্রায় ১৫ হাজার চ্যাট বার্তা আদান-প্রদান হয়। অ্যান্ড্রয়েড ও আইফোন-দুই প্ল্যাটফর্মেই এটি ব্যবহার করা যায়। বাংলা ও ইংরেজি ভাষায় ব্যবহারের সুযোগ রয়েছে। গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং ৪ দশমিক ৮।

যেভাবে ব্যবহার করবেন

১. গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোরে BD Train Tracking লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করুন।

২. অ্যাপটি চালু করে গুগল অ্যাকাউন্ট অথবা অতিথি হিসেবে ব্যবহারের পদ্ধতি নির্বাচন করুন। অতিথি হিসেবে কিছু সুবিধা সীমিত থাকতে পারে।

৩. হোমপেজের সার্চ অপশনে ট্রেনের নাম বা নম্বর লিখুন।

৪. সার্চের ফলাফল থেকে কাঙ্ক্ষিত ট্রেন নির্বাচন করুন।

৫. ট্রেনের বিস্তারিত পেজের নিচে ডান পাশে থাকা লাইভ লোকেশন বা ট্র্যাকিং ম্যাপে প্রবেশ করুন। এরপর ‘3D View’ নির্বাচন করুন।

৬. দুই আঙুল দিয়ে স্ক্রিনে জুম ইন বা জুম আউট করে এবং আঙুল টেনে মানচিত্রের বিভিন্ন অংশ দেখা যাবে।

অ্যাপটির সাম্প্রতিক আপডেটে থ্রিডি ভিউয়ের ফ্লাই-ইন অ্যানিমেশন যুক্ত হয়েছে। পাশাপাশি ম্যাপ জুম বা প্যান করার সময় আশপাশের অন্য ট্রেনের অবস্থানও দেখার সুবিধা রয়েছে।

ট্রেনে থাকা যাত্রীরা ‘আমি এই ট্রেনে আছি’ বা ‘I'm Inside Train’ অপশন ব্যবহার করে নিজেদের লাইভ লোকেশন শেয়ার করতে পারেন। এতে অন্য ব্যবহারকারীরা ট্রেনটির অবস্থান ও চলাচলের অগ্রগতি সম্পর্কে ধারণা পান।

এ ছাড়া অ্যাপটিতে স্টেশন ভিউ, ট্রেনের যাত্রাপথ, আনুমানিক গতি, লাইভ চ্যাট ও নোটিফিকেশনের সুবিধা রয়েছে। একই ট্রেনে থাকা যাত্রীরা চ্যাটের মাধ্যমে বিলম্ব, ভিড়, প্ল্যাটফর্ম পরিবর্তনসহ বিভিন্ন তথ্য বিনিময় করতে পারেন।

অ্যাপটির ওয়েবসাইটে মাসিক ২০ টাকা থেকে শুরু করে বিভিন্ন মেয়াদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন রয়েছে। এতে বিজ্ঞাপনমুক্ত ব্যবহার, লাইভ লোকেশন শেয়ার ও বিশেষ নোটিফিকেশনের সুবিধার কথা বলা হয়েছে।

তবে অ্যাপটির সীমাবদ্ধতাও রয়েছে। এটি বাংলাদেশ রেলওয়ের নিজস্ব বা অনুমোদিত ট্র্যাকিং ব্যবস্থা নয়। যাত্রীদের শেয়ার করা জিপিএস তথ্যের ওপর নির্ভর করায় কোনো ট্রেনে যাত্রী লোকেশন শেয়ার না করলে সেটির প্রকৃত অবস্থান জানা কঠিন হতে পারে।

‘ট্রেন কোথায়’ অ্যাপেও থ্রিডি ম্যাপে দেখুন অবস্থান

‘ট্রেন কোথায়’ (TrainKothai) অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করেও বাংলাদেশের বিভিন্ন আন্তনগর ট্রেনের অবস্থান, সময়সূচি, রুট ও বিলম্বের তথ্য জানা যায়। ওয়েবসাইটটির ঠিকানা trainkothai.com।

সোমবার (২ নভেম্বর) অ্যাপটির নতুন আপডেটে থ্রিডি ম্যাপে ট্রেনের অবস্থান দেখার সুবিধা যুক্ত করা হয়েছে। এ ক্ষেত্রেও ট্রেনে থাকা যাত্রীদের শেয়ার করা জিপিএস তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করা হয়।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে TrainKothai অ্যাপ ইনস্টল করুন। এরপর অ্যাপটি চালু করে প্রয়োজনীয় অনুমতি দিয়ে ব্যবহার শুরু করুন।

হোমপেজে ট্রেনের নাম, নম্বর অথবা স্টেশনের নাম লিখে সার্চ করুন। ফলাফল থেকে কাঙ্ক্ষিত ট্রেন নির্বাচন করলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ট্রেনের পেজের নিচে থাকা ‘ম্যাপ’ অপশনে ক্লিক করলে থ্রিডি মানচিত্রে অবস্থান দেখা যাবে।

অ্যাপটিতে ট্রেনের সর্বশেষ অবস্থান, গতিবেগ, বর্তমান স্টেশন ও বিলম্বের তথ্য দেখার সুবিধা রয়েছে। তবে লাইভ তথ্য পেতে যাত্রীদের শেয়ার করা জিপিএস ডেটা প্রয়োজন।

এ ছাড়া আন্তঃনগর ট্রেনের সময়সূচি ও রুট অনুসন্ধান করা যায়। কোনো ট্রেন কোন স্টেশনে কখন থামবে, কখন ছাড়বে এবং গন্তব্যে পৌঁছানোর নির্ধারিত সময়-এসব তথ্যও পাওয়া যায়। নির্দিষ্ট দুটি স্টেশনের মধ্যে চলাচলকারী ট্রেন খুঁজে নেওয়ার সুবিধাও রয়েছে।

অ্যাপ ইনস্টল না করেও TrainKothai-এর ওয়েবসাইট ব্যবহার করা যায়। সেখানে ট্রেনের রুট, স্টপেজ, নির্ধারিত সময়সূচি এবং আগের কয়েকটি যাত্রার বিলম্বের তথ্য দেখার সুযোগ রয়েছে।

TrainKothai বাংলাদেশ রেলওয়ের সরকারি অ্যাপ বা ওয়েবসাইট নয়। সময়সূচি ও রুটের তথ্য রেলওয়ের প্রকাশিত তথ্যের ভিত্তিতে দেওয়া হলেও লাইভ অবস্থান যাত্রীদের জিপিএস শেয়ারের ওপর নির্ভরশীল। তাই সব সময় শতভাগ নির্ভুল অবস্থান পাওয়া নাও যেতে পারে।

তালুকদার একাডেমির ওয়েবসাইটে দেখুন অবস্থান ও গতি

ট্রেনের অবস্থান, গতিবেগ, বিলম্ব এবং স্টেশনে আগমন-প্রস্থানের সময় জানতে ব্যবহার করা যায় তালুকদার একাডেমির ‘Train Tracker’ ওয়েবসাইট। ঠিকানা tt.talukdaracademy.com.bd। এটি ব্যবহার করতে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হয় না।

ওয়েবসাইটটির হোমপেজে ট্রেনের তালিকা, স্টেশন লাইভ বোর্ড, রুট সার্চ ও এসএমএস ট্র্যাকিংয়ের সুবিধা রয়েছে।

ট্রেনের অবস্থান দেখবেন যেভাবে

১. Train Tracker ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. হোমপেজ থেকে ‘সকল ট্রেন তালিকা’ অপশনে ক্লিক করুন।

৩. তালিকা থেকে কাঙ্ক্ষিত ট্রেনের নাম বা নম্বর নির্বাচন করুন। চাইলে সার্চ করেও ট্রেন খুঁজে নিতে পারেন।

৪. ট্রেনের পেজে প্রবেশ করলে লাইভ ট্র্যাকিং ম্যাপ, বর্তমান অবস্থান, গতিবেগ, পরবর্তী স্টপেজ ও বিলম্বের তথ্য দেখার সুযোগ রয়েছে।

রুট অনুযায়ী ট্রেন খুঁজুন

কোনো দুটি স্টেশনের মধ্যে যাতায়াতের জন্য কোন ট্রেন রয়েছে, তা জানতে ‘রুট অনুযায়ী খুঁজুন’ বা ‘Route Search’ অপশন ব্যবহার করতে পারেন। সেখানে যাত্রার শুরু ও গন্তব্য স্টেশনের নাম নির্বাচন করে অনুসন্ধান করলে সংশ্লিষ্ট রুটের ট্রেন ও যাত্রাসংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

স্টেশনের লাইভ বোর্ড দেখবেন যেভাবে

নির্দিষ্ট কোনো স্টেশনে কোন ট্রেন কখন আসবে বা ছেড়ে যাবে, তা জানতে ‘Station Live Board’ অপশনে প্রবেশ করুন। এরপর তালিকা থেকে কাঙ্ক্ষিত স্টেশন নির্বাচন করলে সংশ্লিষ্ট ট্রেনগুলোর আগমন ও প্রস্থানের সময়সূচি দেখা যাবে।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, ট্রেনের অবস্থান শনাক্তে জিপিএস ও মোবাইল সেলুলারভিত্তিক লাইভ লোকেশন প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে নেটওয়ার্ক, লোকেশন ডেটা ও তথ্য হালনাগাদের ওপর নির্ভর করে অবস্থান প্রদর্শনে কিছুটা পার্থক্য হতে পারে।

Rail.bd-তে সময়সূচি, ভাড়া ও লাইভ আপডেট

ট্রেনের সময়সূচি, রুট, স্টেশন, ভাড়া ও লাইভ অবস্থানের তথ্য জানতে ব্যবহার করা যায় Rail.bd ওয়েবসাইট। ঠিকানা app.rail.bd। মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকেই এটি ব্যবহার করা যায়।

জানা যায়, ওয়েবসাইটটিতে ২৫২টি ট্রেনের তথ্য এবং যাত্রীদের লাইভ আপডেটের ব্যবস্থা রয়েছে।

সময়সূচি ও ভাড়া দেখবেন যেভাবে

ওয়েবসাইটে প্রবেশ করে ‘সব ট্রেন’ অপশনে ক্লিক করুন। এরপর যাত্রার শুরু ও গন্তব্য স্টেশন নির্বাচন করুন। চাইলে ট্রেনের নাম বা নম্বর লিখেও সার্চ করা যাবে।

সার্চের ফলাফলে ট্রেনের ছাড়ার ও পৌঁছানোর সময়, রুট, স্টপেজ, সাপ্তাহিক বন্ধের দিন এবং আসনশ্রেণিভেদে ভাড়ার তথ্য পাওয়া যাবে। এ ছাড়া ‘ট্রেন ভাড়া’ অপশন থেকে বিভিন্ন রুটের ভাড়া খুঁজে নেওয়া যায়।

লাইভ অবস্থান জানবেন যেভাবে

ট্রেনের বর্তমান অবস্থান ও বিলম্ব জানতে হোমপেজের ‘এখন ছুটছে’ অথবা ‘সব লাইভ ট্রেন’ অপশনে প্রবেশ করুন। সেখানে চলন্ত ট্রেনের নাম, নম্বর, রুট, সর্বশেষ পাওয়া অবস্থান এবং নির্ধারিত সময়ের তুলনায় কত মিনিট বিলম্ব হচ্ছে, তা দেখা যায়। নির্দিষ্ট ট্রেন নির্বাচন করলে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

স্টেশনের তথ্য ও যাত্রীদের আপডেট

‘স্টেশন গাইড’ অপশনে নির্দিষ্ট স্টেশন নির্বাচন করলে সেখান থেকে কোন ট্রেন ছাড়ে এবং কোন ট্রেন আসে, তা জানা যায়।

এ ছাড়া ‘লাইভ আড্ডা’ বা চ্যাট সুবিধায় যাত্রীরা ট্রেনের বিলম্ব, ভিড়, নিরাপত্তা, প্ল্যাটফর্ম ও চলাচলসংক্রান্ত তথ্য শেয়ার করতে পারেন।

নিজের রেলভ্রমণের মানচিত্র তৈরি করুন

Rail.bd-এর ‘আমার রেলযাত্রা’ সুবিধায় ভ্রমণ করা রুট বা ট্রেন নির্বাচন করলে কোন কোন জেলার ওপর দিয়ে যাত্রা করেছেন, তা মানচিত্রে দেখা যায়। দেশের ৬৪ জেলার মধ্যে কতটি জেলা ভ্রমণ করেছেন, তার স্কোরও পাওয়া যায়। নিজের নাম ও ছবি যুক্ত করে মানচিত্র ডাউনলোড ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যায়। এ সুবিধা বিনামূল্যে ব্যবহার করা যায়; সাইন-আপেরও প্রয়োজন নেই।

ওয়েবসাইটটিতে রেলওয়ের খবর, সময়সূচি পরিবর্তন, ভ্রমণ গাইড এবং অনলাইনে টিকিট কাটার নিয়ম সম্পর্কেও তথ্য রয়েছে। তবে টিকিট কেনার জন্য বাংলাদেশ রেলওয়ের সরকারি ই-টিকিট পোর্টাল ব্যবহার করতে হবে।

Rail.bd একটি স্বাধীন, অলাভজনক তথ্যভিত্তিক ওয়েবসাইট; এটি বাংলাদেশ রেলওয়ের সরকারি প্ল্যাটফর্ম নয়।