...|...|...

জাতীয়

কারখানা বন্ধ ও ৬২ হাজার কর্মহীন হওয়ার তথ্য ভুল, সিপিডির দুঃখ প্রকাশ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, রাত ৮:৫১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২৩
Shares
কারখানা বন্ধ ও ৬২ হাজার কর্মহীন হওয়ার তথ্য ভুল, সিপিডির দুঃখ প্রকাশ

জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত দেশের তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ হয়ে ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হওয়ার যে তথ্য প্রকাশ করেছিল সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), তা সঠিক নয় বলে জানিয়েছে সংস্থাটি। অনিচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেছে সিপিডি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিপিডির গবেষণা দলের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী এই তিন শিল্পাঞ্চলে ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৯৫টি কারখানা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার এবং এতে ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছিল। পরবর্তী যাচাইয়ে সিপিডি জানতে পারে, তথ্যটি সঠিক নয়।

সিপিডি জানায়, ঢাকাভিত্তিক ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্টে গত ২৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি তাদের নজরে আসে। প্রতিবেদনে সিপিডির ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে উপস্থাপিত প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডের তথ্য তুলে ধরা হয়েছিল।

সিপিডির জানায়, ওই তথ্য তৈরির সময় সংসদ ও মন্ত্রী পর্যায়ের বক্তব্য, জাতীয় বাজেট, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, সংবাদ বিজ্ঞপ্তিসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক উৎস ব্যবহার করা হয়েছিল।

তবে পরবর্তী যাচাইয়ে দেখা যায়, কারখানা বন্ধের ওই তথ্য নেওয়া হয়েছিল ২২ আগস্ট প্রকাশিত ঢাকা ট্রিবিউনের একটি প্রতিবেদন থেকে। পরে ২৫ আগস্ট বিকেল ৪টা ৩৪ মিনিটে প্রতিবেদনটি সংশোধন করা হয়।

সিপিডি বলেছে, ঢাকা ট্রিবিউনের আগের প্রতিবেদনে ২০২৫ সালের ৫ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের মূল সময়কাল পরিবর্তন করে ‘জানুয়ারি থেকে আগস্ট ২০২৬’ উল্লেখ করা হয়েছিল। ফলে সেই ভুল তথ্য সিপিডির প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়।

সংস্থাটি আরও জানায়, প্রতিবেদন তৈরির সময় তথ্যটির মূল উৎস যাচাই করা হয়নি। এ কারণে অনিচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের তথ্যগত বিভ্রান্তি এড়াতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছে সিপিডি।

তবে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া নিয়ে উদ্বেগের বিষয়টি অমূলক নয় বলেও জানিয়েছে সংস্থাটি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও তাদের নেতারা শিল্পকারখানা বন্ধ এবং কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়ে আসছেন। এসব বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় সিপিডি তাদের প্রতিবেদনে তা তুলে ধরেছিল।

সিপিডির মতে, শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া এবং কর্মসংস্থানের পরিস্থিতির দিকে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

একই সঙ্গে বিষয়টি তাদের নজরে আনার জন্য দ্য ডিসেন্টকে পেশাদারিত্বের জন্য ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।