...|...|...

জাতীয়

কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, সকাল ৬:৩২ | আপডেট: ৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:০৮
Shares
কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। ছবি: সংগৃহীত

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে লাশগুলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদ নিশ্চিত করেছেন যে, প্রবাসীদের লাশ বিমানবন্দরের ২ নম্বর গেইট দিয়ে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ হস্তান্তরের সময় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এরপর নিহতদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং লাশ নিয়ে তাদের নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

এর আগে, গত ২১ জুন সকালে কর্মস্থলে যাওয়ার পথে কাতারের আল-শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি গাড়িতে থাকা পাঁচ বাংলাদেশি কর্মীই ঘটনাস্থলে প্রাণ হারান। নিহতদের সবার বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়।

নিহত প্রবাসীরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মুস্তাক আহমেদ আফনান (৩০), একই গ্রামের মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগাতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আব্দুন নূরের ছেলে জিবাল আহমদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি গ্রামের বাহার উদ্দিনের ছেলে আব্দুল কাদির(২৪)।

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আকস্মিক এই দুর্ঘটনায় এই পাঁচ প্রবাসীর মৃত্যুতে তাদের পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। পরবর্তীতে বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ও বিশেষ ব্যবস্থাপনায় নিহতদের লাশ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়। আজ সকালে লাশ দেশে পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।