জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হোস্টেলের আউটডোর থেকে অজ্ঞাত এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
জানা গেছে, দুপুরে মুষলধারে বৃষ্টি হওয়ার সময় কয়েক শিক্ষার্থীর নজরে আসার সাথে সাথে ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ওই তরুণের পরিচয় এখনো জানা যায়নি। আবাসিক কোনো শিক্ষার্থী বা আশপাশের কোনো বাসিন্দা তাকে দেখে চিনতে পারেননি।
পানাউল্লাহ আহম্মেদ হোস্টেলের সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। নিহত যুবক ওই হলের আবাসিক শিক্ষার্থী নন। তিনি কীভাবে মারা গেছেন এবং কেন এখানে এসেছিলেন, তা পুলিশের তদন্তের পর নিশ্চিত হওয়া সম্ভব বলে জানান তিনি।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। আনুমানিক ২৫ বছর বয়সের নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


