...|...|...

ঢাকা

এলজিআরডি মন্ত্রী

ওয়ান ইলেভেন ছিল বাংলাদেশকে একটি রাষ্ট্রের অধীন করার পরিকল্পনা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪৬
Shares
ওয়ান ইলেভেন ছিল বাংলাদেশকে একটি রাষ্ট্রের অধীন করার পরিকল্পনা

এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ড. আবদুল মঈন খান বলেছেন, ওয়ান ইলেভেনের সময় বিএনপিকে অপসারণ করে বাংলাদেশকে একটি রাষ্ট্রের অধীন করার পরিকল্পনা করা হয়েছিল। ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী শহরের সাহেপ্রতাব এলাকার তাঁত বোর্ড ইনস্টিটিউটের অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ওয়ান ইলেভেনের সময় বিএনপিকে অপসারণ করে বাংলাদেশকে একটি রাষ্ট্রের অধীন করার পরিকল্পনা করা হয়েছিল। এরই ফলশ্রুতিতে দীর্ঘ ১৭ বছর আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছিল। সেই অন্যায়ের বিচার আজ হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ গত ১৭ বছরে যেভাবে ধ্বংস হয়েছিল, সেই ধ্বংসস্তূপ থেকে আবার নতুন সাজে দেশকে গড়ে তুলতে প্রধানমন্ত্রী দিন-রাত কাজ করে যাচ্ছেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, তবে আমরা ন্যায়বিচার চাই।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর পর বাংলাদেশে ফিরে এসেছেন এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের মানুষের সরাসরি ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সামনে স্থানীয় সরকার নির্বাচনে সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে মঈন খান বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনও দিন পেছনের দিকে তাকাননি। বিএনপির ইতিহাস সামনে চলার ইতিহাস, আর আওয়ামী লীগের ইতিহাস পেছনে চলার ইতিহাস। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তিনি সেগুলো একটি একটি করে বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।