রাজধানীর বনানী এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় বাসচালকসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। এ সময় একটি বাস জব্দ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালী এলাকায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-বাসচালক সোহেল রানা (৪০), বাসের সুপারভাইজার সাজু (২৮) এবং হেলপার মনির (১৮)।
পুলিশ জানিয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া মরদেহের রহস্য উদঘাটনে শনিবার যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহাখালী এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী একটি বাস জব্দ করা হয়েছে।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার মুখে স্কচটেপ লাগানো ছিল। তার পরনে সিএনজিচালিত অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের একটি শার্ট ছিল।
নিহত ইসমাইল হোসেনের বাড়ি জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামে। তিনি গাজীপুরের কাশিমপুর করলাপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
ঘটনার বিস্তারিত জানতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে।

