...|...|...

খেলা

এবার সিরিজসেরা হয়ে সূর্যবংশীর নতুন বিশ্বরেকর্ড

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, সকাল ৭:২১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:১২
Shares
এবার সিরিজসেরা হয়ে সূর্যবংশীর নতুন বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক চমক দেখিয়ে ইতিহাস গড়ে যাচ্ছেন ভারতীয় বিস্ময়-বালক বৈভব সূর্যবংশী। সেঞ্চুরির খুব কাছে গিয়ে রেকর্ড হাতছাড়া হলেও রোববার (২৬ জুলাই) জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি শেষে বিশ্বরেকর্ডের নতুন পাতায় নাম লিখিয়েছেন ১৫ বছর বয়সী এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে 'সিরিজসেরা' হওয়ার বিরল কীর্তি এখন এই তরুণ উদীয়মান তারকার দখলে।

স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সূর্যবংশী। মাত্র ৭৭ বল মোকাবিলা করে দুটি দৃষ্টিনন্দন ফিফটিসহ মোট ১৫১ রান সংগ্রাহক হিসেবে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে তিনি অর্জন করেন ‘ম্যান অব দ্য সিরিজ’-এর পুরস্কার।

মাত্র ১৫ বছর ১২১ দিন বয়সে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক সিরিজেই এই গৌরব অর্জন করলেন তিনি। এর মাধ্যমে তিনি ভেঙেছেন আফগান স্পিনার মুজিব উর রহমানের রেকর্ড, যিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ১৬ বছর ৩২৫ দিন বয়সে ওয়ানডেতে কনিষ্ঠতম সিরিজসেরা হওয়ার ইতিহাস গড়েছিলেন।

ভারতের জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের মাত্র ৬ ম্যাচ খেলেই এটি বৈভব সূর্যবংশীর দ্বিতীয় বিশ্বরেকর্ড। এর আগে চলতি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটি হাঁকানোর ঐতিহাসিক রেকর্ডটি নিজের নামে করেন এই বাঁহাতি ব্যাটার।