...|...|...

বিশ্ব

এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪৫
Shares
এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাবেক মডেল ও মিস সুইজারল্যান্ড বিয়াত্রিস কিউল। তার দাবি, ১৯৯৩ সালে নিউইয়র্কের প্লাজা হোটেলে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। তবে হোয়াইট হাউস এই অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশিত এক প্রতিবেদনে জেফ্রি এপস্টেইনের অপরাধের সাথে ট্রাম্পের কথিত যোগসূত্রের প্রসঙ্গ টেনে এই অভিযোগ সামনে আনা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কিউল ডেমোক্র্যাট কমিটির কর্মীদের কাছে দেওয়া সাক্ষাৎকারে জানান, ২৪ বছর বয়সে প্লাজা হোটেলে এক সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে ট্রাম্পের সাথে তার প্রথম পরিচয় হয়। কিউলের অভিযোগ, ভিসার ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশ্বাস দিয়ে পরে হোটেলের ওপরের তলায় ডেকে নিয়ে তাকে জোরপূর্বক নির্যাতন ও ধর্ষণ করেন ট্রাম্প।

২০২৪ সালে কিউল প্রথম অভিযোগ করার সময় বলেছিলেন, ট্রাম্প তাকে কেবল যৌন হয়রানি করেছিলেন। তবে নতুন প্রতিবেদনে তিনি দাবি করেছেন, সে সময় তিনি ধর্ষণের শিকারও হয়েছিলেন। প্রতিবেদনে কিউল ছাড়াও আরও চার নারীর বক্তব্য তুলে ধরা হয়েছে, যারা ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট কমিটির জ্যেষ্ঠ সদস্য জেমি রাসকিন অভিযোগ করেছেন, বিচার বিভাগ এসব অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

তবে সব অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের মুখপাত্র একে ডেমোক্র্যাটদের ‘মরিয়া রাজনৈতিক চেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন। তার দাবি, ট্রাম্পের মেয়াদে রিপাবলিকানদের ধারাবাহিক সাফল্য থেকে জনমনযোগ সরাতেই মধ্যবর্তী নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে এই পুরনো ও মিথ্যা ইস্যু সামনে আনা হচ্ছে। হোয়াইট হাউস আরও জানায়, এপস্টেইন-সংক্রান্ত যাবতীয় বিষয় থেকে ট্রাম্পকে আগেই সম্পূর্ণ আইনি দায়মুক্তি দেওয়া হয়েছে।