...|...|...

বিশ্ব

বিরোধী দল ফল মেনে নিলেও ব্রাজিলের নির্বাচন নিয়ে যে আপত্তি ট্রাম্পের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ১০:১৭
Shares
বিরোধী দল ফল মেনে নিলেও ব্রাজিলের নির্বাচন নিয়ে যে আপত্তি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী বর্তমান নেতা লুইস ইনাসিও লুলা দা সিলভার চমকজাগানো জয়কে ‘কারচুপির নির্বাচন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরাজিত ডানপন্থী প্রার্থী জাইর বলসোনারোর দল শেষ পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল মেনে নিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রবিবারের নির্বাচনে লুলার কাছে প্রায় ৪০ লাখ ভোটে পরাজিত হওয়ার পর সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ছেলে ও দলীয় প্রার্থী ফ্লাভিও বলসোনারো প্রথমে ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানোর বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

তবে সোমবারই বলসোনারোর দল লিবারেল পার্টি এক আনুষ্ঠানিক বিবৃতিতে রানঅফের ফলাফল মেনে নেওয়ার কথা জানায়। দলের প্রধান ভালদেমার কস্তা নেতো স্বাক্ষরিত ওই বিবৃতিতে ফলাফল মেনে নেওয়ার পাশাপাশি কিছু বিষয়ে স্বচ্ছতা দাবি করা হয়েছে।

এদিকে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ব্রাজিলের এই নির্বাচন তার কাছে ‘কারচুপির মতো’ এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার বাড়তি সময় বাড়ানো খুবই অদ্ভুত লেগেছে। অবশ্য ভোটের আগে ট্রাম্প সরাসরি কোনো পক্ষ না নিলেও তার প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে বলসোনারো পরিবারকে সমর্থনের গুঞ্জন ছিল।

নির্বাচন বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশে বাড়ানো শেষ দুই ঘণ্টায় ভোট পড়েছিল মাত্র ৩৫ হাজারের কম, যা মোট ভোটের অনুপাতে শূন্য দশমিক শূন্য ৩ শতাংশেরও কম। ফলে এই সামান্য ব্যবধান নির্বাচনের সামগ্রিক ফলাফলে কোনো প্রভাব ফেলেনি।