...|...|...

খেলা

এনজো ফার্নান্দেজকে নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিল চেলসি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:০১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৫৩
Shares
এনজো ফার্নান্দেজকে নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিল চেলসি

গ্রীষ্মকালীন দলবদলের সময় শেষ হতে আর বেশি দিন বাকি নেই। এর মধ্যেই আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজের দলবদল নিয়ে নানা নাটকীয়তা চলছে। তবে নতুন মৌসুমের প্রস্তুতি শুরুর আগেই এই অচলাবস্থার অবসান চায় চেলসি।

স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটিকে ১২ কোটি পাউন্ড দর ও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে চেলসি। এই মিডফিল্ডারকে পেতে হলে সিটিকে আগামী শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার মধ্যে কাঙ্ক্ষিত প্রস্তাব জমা দিতে হবে।

বেধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে চলতি দলবদলে তাকে কোনোভাবেই ছাড়া হবে না। বিষয়টি সিটি কর্তৃপক্ষ ও খেলোয়াড়ের এজেন্ট দুজনকেই জানিয়ে দেওয়া হয়েছে।

চেলসির নতুন ম্যানেজার জাবি আলোন্সো নিজের মাঝমাঠের পরিকল্পনায় এই আর্জেন্টাইন তারকাকে রেখেছেন। তবে গত মৌসুমের শেষের দিকে বিতর্কিত মন্তব্য ও রিয়াল মাদ্রিদের প্রতি আগ্রহ দেখানোর কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন এনজো। সব তিক্ততা ভুলে বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে ধরে রাখতে বা চড়া দামে বিক্রি করতে প্রস্তুত স্ট্যামফোর্ড ব্রিজের কর্তারা।

চেলসি ম্যানেজমেন্টের যুক্তি, ম্যান সিটি যদি এলিয়ট অ্যান্ডারসনের জন্য ১১ কোটি ৬০ লাখ পাউন্ড এবং সান্দ্রো টোনালির জন্য ১০ কোটি পাউন্ড খরচ করতে পারে, তবে একজন বিশ্বজয়ী তারকার জন্য ১২ কোটি পাউন্ড দাবি করা মোটেও বেশি নয়।

অন্যদিকে, সিটির নতুন কোচ এনজো মারেস্কার অন্যতম প্রধান লক্ষ্য এই তরুণ মিডফিল্ডার। রড্রি ও টিজানি রেইন্ডার্সের এতিহাদ স্টেডিয়াম ছাড়ার জোরালো সম্ভাবনা থাকায় মাঝমাঠের শক্তি অটুট রাখতে এনজোকেই প্রথম পছন্দ করেছে সিটির ম্যানেজমেন্ট। তবে চেলসির হাঁকানো বিশাল অঙ্ক কমিয়ে আনতে সিটি দর-কষাকষির চেষ্টা করতে পারে।

দলবদল না হলে এনজো চেলসিতে থেকে গেলেও ক্লাব লাভবান হবে। গত মৌসুমে তার পা থেকে এসেছিল ১৫টি গোল; দলে স্ট্রাইকার জোয়াও পেড্রোর (২০ গোল) পর দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন তিনিই। আর এনজো বিক্রি হলেও আলোন্সোর হাতে মইসেস কাইসেডো, রোমিও লাভিয়া, জর্ডান হেন্ডারসন ও অধিনায়ক রিস জেমসের মতো বিকল্প তৈরি রয়েছে।