চাঁপাইনবাবগঞ্জে গোসল করতে নেমে একসাথে পানিতে ডুবে মারা যাওয়া পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বাদ মাগরিব জানাজা শেষে একই গোরস্থানে পাশাপাশি কবরে তাদেরকে দাফন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত পদ্মার শাখা ‘মরা নদী’তে গোসল করতে নেমেছিল ওই পাঁচ শিশু। এরপর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহত শিশুরা হলো—মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের দুই মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।
স্থানীয়রা জানান, শুক্রবার হওয়ায় দুপুরে গ্রামের অধিকাংশ মানুষ জুমার নামাজে ছিলেন। এই সুযোগেই শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে যায়। দুপুর পৌনে ১টার দিকে পানিতে নামার কিছুক্ষণ পরই ঘটে বিপত্তি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের কেউই সাঁতার জানতো না।
একপর্যায়ে তারা পানিতে হাবুডুবু খেতে থাকে। তখন স্থানীয় এক নারী বিষয়টি দেখতে পান। শিশুদের পানিতে ছটফট করতে দেখে তিনি চিৎকার করে আশপাশের মানুষকে ডাকেন। তার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। কোনো সরঞ্জামের অপেক্ষা না করে নিজেরাই নদীতে নেমে শুরু করেন উদ্ধার তৎপরতা। একপর্যায়ে পানির নিচ থেকে একে একে পাঁচ শিশুকেই তুলে আনেন তারা। কিন্তু ততক্ষণে নিভে গেছে পাঁচটি প্রাণ।
খবর পেয়ে ৯৯৯-এ ফোন করা হলে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


