...|...|...

খেলা

এ বছর মাঠে গড়াচ্ছে না বিপিএল, জানালেন তামিম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, দুপুর ১২:২১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০৯
Shares
এ বছর মাঠে গড়াচ্ছে না বিপিএল, জানালেন তামিম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসর নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, চলতি বছর বিপিএলের আয়োজন করা হচ্ছে না। দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা ছাড়া জোড়াতালি দিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে চান না তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে ‘গেম ডেভেলপমেন্ট ট্রফি’র উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বিসিবি সভাপতি।

তামিম বলেন, এ বছর বিপিএল আয়োজন সম্ভব হচ্ছে না। ঘরোয়া ক্রিকেটের জন্য নতুন একটি রূপরেখা ও ফর্মুলা তৈরির কাজ চলছে। পরিকল্পনার ৬০ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করা হবে। নতুন পরিকল্পনাটি আগের তুলনায় ভিন্ন ও ক্রিকেটপ্রেমীদের জন্য আরও আকর্ষণীয় হবে বলেও জানান তিনি।

বিপিএল এর আগেও দুইবার স্থগিত হয়েছিল। ২০১৪ সালে ফিক্সিং কেলেঙ্কারির কারণে এবং ২০২১ সালে করোনাভাইরাস মহামারির কারণে টুর্নামেন্ট আয়োজন করা হয়নি। এবার প্রশাসনিক, আর্থিক ও নীতিগত বিভিন্ন জটিলতার কারণে বিপিএল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবি সভাপতি বলেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর নিয়ম না মানা ও নানা ধরনের গাফিলতির কারণে টুর্নামেন্ট বারবার সমস্যায় পড়ছে। রংপুর ও রাজশাহী ছাড়া অধিকাংশ দলের স্থায়িত্ব ও কমপ্লায়েন্স নিয়ে প্রশ্ন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিগত দুই বছরে ফ্র্যাঞ্চাইজিগুলোর কারণে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে দাবি করে তামিম বলেন, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে বোর্ডের লাভ হওয়ার কথা, ক্ষতি নয়। তাই মৌলিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান না করে বিপিএল আয়োজন করা যুক্তিসঙ্গত হবে না।

তবে বিপিএল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন বিসিবি সভাপতি। প্রয়োজনে ছয় মাস বা এক বছর সময় নিয়ে হলেও টুর্নামেন্টকে একটি স্থায়ী কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হবে। খেলাপি ও নিয়ম ভঙ্গকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর বিরুদ্ধেও আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কাজ চলছে বলে জানান তিনি।