...|...|...

খেলা

উজবেকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ বাছাইয়ে মাঠে নামছে বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, দুপুর ১:৪১ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৬
Shares
উজবেকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ বাছাইয়ে মাঠে নামছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল সবুজদের বাছাই মিশন। শক্তিশালী প্রতিপক্ষ হলেও নিজেদের সামর্থ্য ও মানসিকতা মাঠে তুলে ধরার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ।

সোমবার (৩১ আগস্ট) তাশখন্দের দোস্তলিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগের দিন রবিবার সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি, প্রতিপক্ষের শক্তি এবং নিজেদের পরিকল্পনা নিয়ে কথা বলেন বাংলাদেশের ইংলিশ কোচ জেরার্ড জোন্স।

বাছাইয়ের আগে বেশ কিছু প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দল। দুই কোচের বিরোধ ও হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে। এর মধ্যেই প্রস্তুতি চালিয়ে মোট ১০টি ম্যাচ খেলেছে দলটি। এর চারটি ছিল নিজেদের মধ্যে, আর ছয়টি বাইরের দলের বিপক্ষে।

প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে জোন্স বলেন, ‘আমরা মোট ১০টি ম্যাচ খেলেছি। ছয়টি ছিল বাইরের দলের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলার পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় থাইল্যান্ড সফর বাতিল করতে হয়। পরে তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে বিকল্প ম্যাচের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে প্রস্তুতির মান নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট।’

’সি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও সিরিয়া। গ্রুপের স্বাগতিক উজবেকিস্তানকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখলেও তাদের নিয়ে যথেষ্ট বিশ্লেষণ করেছে বাংলাদেশ। জোন্স জানান, প্রতিপক্ষের ম্যাচ, দলীয় ডেটা এবং বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে প্রতিটি অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে সম্ভাব্য পরিস্থিতির অনুশীলন করানো হয়েছে।

উজবেকিস্তানের খেলার প্রশংসা করে বাংলাদেশ কোচ বলেন, ‘তারা বলের নিয়ন্ত্রণ ভালো রাখে, দ্রুত কাউন্টার প্রেস করে এবং হাই প্রেসিং ফুটবলে অভ্যস্ত। তবে তাদের দুর্বলতাগুলোও আমরা জানি এবং সেসব জায়গায় আঘাত করার চেষ্টা করব। এই দলটি নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। আমরা ভালো পারফরম্যান্স দেখিয়ে দলের মানসিকতা তুলে ধরতে চাই এবং দেশবাসীকে আমাদের আসল সামর্থ্য দেখাতে চাই।’

প্রস্তুতির আরেকটি ইতিবাচক দিক হিসেবে ছয়টি বাইরের ম্যাচে অপরাজিত থাকার বিষয়টি তুলে ধরেন জোন্স। তার মতে, দলটি গোল করা, ব্যবধান বাড়ানো এবং ম্যাচের শেষ গোলটি নিজেদের করার মানসিকতা তৈরি করেছে।

তিনি বলেন, গতি, লড়াই, বুদ্ধিমত্তা, দক্ষতা ও গোল করার সামর্থ্যই দলের বড় শক্তি। প্রথম দিন থেকেই খেলোয়াড়রা এই দর্শনের সাথে নিজেদের মানিয়ে নিয়েছে বলেও জানান তিনি।