...|...|...

সারাদেশ

আমির হামজাকে জিজ্ঞাসাবাদের দাবিতে দুদকে আবেদন

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট: ৩ দিন আগে
আমির হামজাকে জিজ্ঞাসাবাদের দাবিতে দুদকে আবেদন

আমির হামজা। ছবি : সংগৃহীত

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব পাওয়ার দাবি করলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় প্রকাশ না করায় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে আবেদন করা হয়েছে।

সোমবার (২২ জুন) কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান দুদক চেয়ারম্যানের কার্যালয়ে এ আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে এমন গুরুতর দুর্নীতির অভিযোগ উত্থাপনের পরও কারা ঘুষের প্রস্তাব দিয়েছিল, সে বিষয়ে কোনো নাম-পরিচয় কিংবা আনুষ্ঠানিক অভিযোগ এখন পর্যন্ত সামনে আনা হয়নি। ফলে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় অনুসন্ধানের স্বার্থে দুদকের হস্তক্ষেপ প্রয়োজন।

হৃদয় হাসান জানান, এর আগে এমপি আমির হামজাকে একটি আইনি নোটিশ পাঠিয়ে ঘুষের প্রস্তাবদাতাদের পরিচয় প্রকাশ অথবা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছিল। তবে তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তাই বিষয়টি তদন্তের আওতায় আনার জন্য দুদকের শরণাপন্ন হওয়া হয়েছে।

হৃদয় হাসানের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, চলতি বছরের ১ এপ্রিল এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে সাত দিনের মধ্যে অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের নাম প্রকাশ কিংবা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

আবেদনে উল্লেখ করা হয়, গত ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় আয়োজিত একটি ইফতার মাহফিলে আমির হামজা দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য তাকে ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তার এমন বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

এদিকে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, মেডিকেল কলেজ চালু রাখার বিষয়কে কেন্দ্র করে তিন দিনের ব্যবধানে ৫০ কোটি টাকার প্রস্তাব পাওয়ার কথা বলা হলেও কারা এ প্রস্তাব দিয়েছিল, তা প্রকাশ করা হয়নি। বিষয়টি অত্যন্ত গুরুতর এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি রিসিভ হয়নি।