জাতীয় সংসদে আজ বুধবার (২ সেপ্টেম্বর) উত্থাপিত হবে আলোচিত ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও মানবাধিকার কমিশন বিল’। আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বিলটি সংসদে উত্থাপন করবে।
গুমের ঘটনা প্রতিরোধ, ভুক্তভোগীদের প্রতিকার নিশ্চিত এবং এ ধরনের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে এই বিল।
তবে বিলটি সংসদে উত্থাপন নিয়ে ইতোমধ্যে বিরোধিতা করেছে বিরোধী পক্ষ। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এমন একটি আইন প্রণয়নের আগে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আরও আলোচনা প্রয়োজন। কিন্তু সরকার সেটা না করে জুলাই সনদ থেকে সরে এসে নিজেদের মতো করে গুম ও মানবাধিকারের মত স্পর্শকাতর বিল পাস করতে যাচ্ছে।
অন্যদিকে, বিলটি নিয়ে সংসদে আলোচনা ও পরবর্তী প্রক্রিয়ার মধ্য দিয়ে এর বিভিন্ন ধারা নিয়ে মতামত দেওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। তাদের প্রত্যাশা বিরোধী দল শেষ পর্যন্ত এই বিল নিয়ে তাদের মতামত জানাবে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া ১৩৭টি অধ্যাদেশের মধ্যে প্রায় ২০টি অধ্যাদেশ বাতিল করে আবারও নতুন করে বিল উত্থাপন করে সরকার। যার মধ্যে অন্যতম গুম ও মানবাধিকার কমিশন বিল।


