পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। তবে তৈরি পোশাক শিল্পের পেমেন্ট ও কোরবানির পশুর হাটে নগদ টাকার লেনদেন সচল রাখতে আজ মঙ্গলবার (২৬ মে) সীমিত পরিসরে ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখা খোলা রয়েছে। গ্রাহকদের সুবিধার্থে পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখা ও বুথগুলোতে রাত ১০টা পর্যন্ত লেনদেন করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে পোশাক শিল্প এলাকার ব্যাংক শাখাগুলো আজ খোলা রয়েছে। এসব শাখায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে গ্রাহকেরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
অন্যদিকে, কোরবানির পশুর হাটের ক্রেতা ও ব্যবসায়ীদের সুবিধার্থে হাটসংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও অস্থায়ী বুথগুলোতে বিশেষ ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে। পশুর হাটে যাতে জাল নোটের কারবার না হয় এবং ব্যবসায়ীরা সহজে অর্থ লেনদেন করতে পারেন, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আজ সীমিত ব্যাংকিংয়ের কারণে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আরটিজিএসের মাধ্যমে গ্রাহকেরা সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত তাৎক্ষণিক অর্থ পরিশোধ করতে পারবেন। আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার করা যাবে দুপুর ১টা পর্যন্ত। এছাড়া ক্লিয়ারিং হাউসে হাই ভ্যালু চেক বেলা সাড়ে ১১টা এবং রেগুলার ভ্যালু চেক দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এগুলো যথাক্রমে দুপুর সাড়ে ১২টা ও ১টার মধ্যে নিষ্পত্তি করা হবে।
এর বাইরে দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো আগের নিয়মেই সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। আগামী ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলোকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ছুটির এই দিনগুলোতে যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন, তাঁরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন।

