...|...|...

বরিশাল

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ: সারজিস আলম

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪০
Shares
আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ: সারজিস আলম

বক্তব্য দেন সারজিস আলম। ছবি: টাইমস টুডে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,আমরা আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করতে চাই না। আওয়ামী লীগ খুনী, স্বৈরাচারী ও গণহত্যাকারী। বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে ও ভারতে গিয়ে দাফন হয়েছে-এ চ্যাপ্টার ক্লোজ।

তিনি বলেন, বিএনপিকে নিয়ে আমাদের আলোচনা-সমালোচনা থাকবে,কঠোর সমালোচনা থাকবে,চাঁদাবাজি করলে বলব, জমি দখল করলে ওইটাও বলব,কোথাও মানুষের ওপর জুলুম করলে ওইটাই বলব কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করব না।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ হলরুমে জেলা এনসিপি আয়োজিত প্রায় দুই ঘণ্টাব্যাপী সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন,আমরা স্পষ্ট করে বলি- বিএনপির গত ৬ মাসের কার্যক্রম নিয়ে আমরা এখনও পর্যন্ত সন্তুষ্ট না। আমরা মনে করি তারা আস্তে আস্তে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। তারা ক্ষমতার অপব্যবহার করছে। আমরা দেখছি তারা প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করছে, স্বজনপ্রীতি করছে।

তিনি বলেন, বিএনপি তাদের জায়গায় থেকে এ যে কাজগুলো করছে আমরা মনে করি এগুলো পুরোনো কায়দা, এটা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। যদি না হয় আমাদের রাজপথের কর্মসূচি আরও শক্তিশালী হবে।

সম্প্রতি পে-স্কেল বাড়ানো সরকারকে সাধুবাদ জানিয়ে সারজিস বলেন, যে বেতন স্কেল ছিল তা দিয়ে এখনকার দিনে একটা মানুষ চাকরি করে পরিবার নিয়ে চলতে পারবে না। এখন আমরা ওই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানাব- জনগণের কষ্টে অর্জিত ট্যাক্সের টাকায় আপনার বেতন বাড়ানো হয়েছে। এরপরও যদি আপনাদের মধ্যে দুর্নীতি দেখতে পাই তাহলে আমরা মনে করি যদি আগামীতে আবার এ ধরনের পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে নামবে, ওইদিন আর কেউ অফিসে অফিস করতে পারবেন না। 

সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলার আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাকসুদূর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন রনি,কাজী সালমান ও রায়হানুল ইসলাম এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।