ওয়ানডে অভিষেকেই অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন এই বাঁহাতি ওপেনার। তার ১২৬ বলের বিধ্বংসী ইনিংসে ছিল ১৭টি চার ও ৩টি ছক্কার মার।
এই ইনিংসের মধ্য দিয়ে ওয়ানডে অভিষেকের প্রথম ইনিংসেই ১৫০ রান করা বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার বনে গেলেন হারমান। এর আগে এই কীর্তি গড়েছিলেন তারই স্বদেশি ব্যাটার ম্যাথু ব্রিজকে।
২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকে ১৪৮ বলে ১৫০ রান করেছিলেন ব্রিজকে। এবার একই রান করে তার রেকর্ডে ভাগ বসালেন হারমান।
আর মাত্র ১ রান করতে পারলেই এককভাবে ইতিহাস গড়ে নতুন বিশ্ব রেকর্ড নিজের নামে করে নিতে পারতেন এই প্রেটোরিয়া তরুণ। ৪২তম ওভারের পঞ্চম বলে রুবেন ট্রাম্পেলম্যানের শিকারে পরিণত হয়ে তাকে সাজঘরে ফিরতে হয়। হারমানের ১৫০ রানের ওপর ভর করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৮ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।
ইনিংসজুড়ে দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন হারমান। দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জির (৭২) সাথে ১৬৬ বলে ১৯০ রান এবং তৃতীয় উইকেটে ডেওয়াল্ড ব্রেভিসের (৩৩) সঙ্গে ৪৫ বলে ৫৯ রান যোগ করেন তিনি।
ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকার তিনে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ওপেনার ডেসমন্ড হেইন্স। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে ১৩৬ বলে ১৪৮ রান করেছিলেন তিনি।


