খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে দোকানে কাজ করেছেন, চাকরি করেছেন অফিস সহকারী হিসেবে। নানা প্রতিকূলতা পেরিয়ে সেই আশুতোষ নাথই পিএইচডি করতে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। পাঁচ বছরের গবেষণা শেষে এবার সেখানেই ওষুধ উদ্ভাবনের গবেষণায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
চলতি আগস্ট মাসেই ইউনিভার্সিটি অব হিউস্টনের কলেজ অব ফার্মেসিতে পিএইচডি-পরবর্তী গবেষক হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে আশুতোষের। সেখানে অধ্যাপক গ্রেগ কুনির গবেষণাগারে ওষুধবিষয়ক রসায়ন ও নতুন ওষুধ উদ্ভাবন নিয়ে গবেষণা করবেন তিনি।
২০২১ সালের আগস্টে শতভাগ শিক্ষাবৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যান ৩৪ বছর বয়সী আশুতোষ। এর আগে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টন (ইউম্যাস বোস্টন) থেকে জৈব রসায়নে পিএইচডি সম্পন্ন করেন তিনি।
আশুতোষের জন্ম চট্টগ্রামের ফটিকছড়ির একটি প্রত্যন্ত গ্রামে। পরে পরিবারের সঙ্গে খাগড়াছড়ির মানিকছড়িতে চলে আসেন। বাবা ধান ভাঙার মেশিন নিয়ে কাজ করতেন। দুই ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট আশুতোষের পড়াশোনার পেছনে বড় ভাই পরিতোষ নাথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পড়াশোনার খরচ চালাতে চট্টগ্রামের চকবাজারে একটি কম্পিউটারের দোকানেও কাজ করেছেন আশুতোষ। সেখান থেকে পাওয়া আয় দিয়ে নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও সহায়তা করতেন।
চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করার পর ২০১৬ সালে ঢাকায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নেন তিনি। চাকরির পাশাপাশি রাতে ফ্রিল্যান্সিং করেও আয় করতেন। ২০১৮ সালে ফ্রিল্যান্সিং করে দুই লাখ টাকার বেশি আয় করেছিলেন বলে জানান তিনি।
পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রসায়নে স্নাতকোত্তরে ভর্তি হন আশুতোষ। ২০১৯ সালে ৩.০৮ সিজিপিএ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
বুয়েটে পড়ার সময়ই গবেষণার প্রতি আগ্রহ তৈরি হয় আশুতোষের। আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার গবেষণাপত্র প্রকাশিত হয়। পরে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য আবেদন করতে থাকেন।
২০২১ সালের মার্চে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টন তার আবেদন গ্রহণ করে। কয়েক দফা ভার্চ্যুয়াল সাক্ষাৎকারের পর পিএইচডির সুযোগ পান তিনি। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষা সহকারী হিসেবে খণ্ডকালীন চাকরিও পান।
অধ্যাপক ওয়েই ঝাংয়ের তত্ত্বাবধানে পিএইচডি করেন আশুতোষ। তার গবেষণার মূল বিষয় ছিল জটিল পলিহেটেরোসাইক্লিক অণু তৈরির আরও কার্যকর পদ্ধতি উদ্ভাবন।
পিএইচডির সময় অর্গানিক সিনথেসিস, রিঅ্যাকশন অপটিমাইজেশন, পিউরিফিকেশন, এনএমআর, এলসি-এমএস, এইচপিএলসি, ক্রিস্টালোগ্রাফি, ডিএফটি ক্যালকুলেশন, মলিকিউলার ডকিং ও ড্রাগ ডিজাইনসহ বিভিন্ন গবেষণাপদ্ধতিতে কাজ করেন তিনি।
গবেষণার অংশ হিসেবে হার্ভার্ড মেডিকেল স্কুল ও বোস্টন চিলড্রেনস হসপিটালের গবেষকদের সঙ্গেও কাজ করেছেন আশুতোষ। ছোট অণুভিত্তিক ও প্রিসিশন ভ্যাকসিন উদ্ভাবন-সংক্রান্ত গবেষণায়ও তার সহযোগিতা ছিল। তার পিএইচডি গবেষণা থেকে একাধিক পিয়ার-রিভিউড গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যার মধ্যে আন্তর্জাতিক সাময়িকী অর্গানিক লেটারস এ প্রকাশিত গবেষণাও রয়েছে।
আশুতোষের মতে, পিএইচডির সময় প্রতিটি দিন সাফল্যের ছিল না। অনেক সময় দিনের পর দিন কোনো বিক্রিয়া নিয়ে কাজ করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। তবে এসব ব্যর্থতা তাকে ধৈর্য, সমস্যা সমাধান, স্বাধীনভাবে চিন্তা করা এবং ব্যর্থতার পর আবার শুরু করার শিক্ষা দিয়েছে।
এবার গবেষণার ক্ষেত্র আরও বিস্তৃত করতে যাচ্ছেন আশুতোষ। ইউনিভার্সিটি অব হিউস্টনের কলেজ অব ফার্মেসিতে তিনি মেডিসিনাল কেমিস্ট্রি ও ওষুধ আবিষ্কার নিয়ে কাজ করবেন।
জৈবিকভাবে সক্রিয় ক্ষুদ্র অণু ও ফার্মাকোলজিক্যাল প্রোবের নকশা, সংশ্লেষণ, বৈশিষ্ট্য নির্ণয় এবং সেগুলোকে আরও কার্যকর করার গবেষণায় যুক্ত হবেন তিনি।
ভবিষ্যতে সিনথেটিক কেমিস্ট্রি ও মেডিসিনাল কেমিস্ট্রির সঙ্গে কম্পিউটেশনাল মডেলিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করতে চান আশুতোষ। মানুষের চিকিৎসায় নতুন ও কার্যকর ওষুধ উদ্ভাবনের গবেষণায় বড় ধরনের অবদান রাখতে চান তিনি।
সূত্র: প্রথম আলো


