...|...|...

আবহাওয়া

অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র তাণ্ডব, লণ্ডভণ্ড ঘরবাড়ি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫১ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩২
Shares
অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র তাণ্ডব, লণ্ডভণ্ড ঘরবাড়ি

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’র আঘাতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে প্রকাশম জেলার ওঙ্গোলের সামাথা নগর এলাকায় বেশ কয়েকটি খড়ের ঘর ভেঙে পড়েছে। সেখানে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টার দিকে ওঙ্গোলের কাছে ঘূর্ণিঝড়টির স্থলভাগ অতিক্রমের প্রক্রিয়া শুরু হয়। এ সময় উপকূলীয় এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার পাওয়া তথ্য অনুযায়ী, স্থলভাগ অতিক্রমের প্রক্রিয়া শেষ হতে আরও দুই ঘণ্টা লাগতে পারে। এর আগের ছয় ঘণ্টায় ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৯ কিলোমিটার গতিতে অগ্রসর হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী, এলুরু, কৃষ্ণা, এনটিআর, গুন্টুর, বাপাতলা, পালানাডু, মার্কাপুরম, প্রকাশম ও নেলোর জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও আরটিজিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকাশ জৈন বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে, ওঙ্গোলের জেলা কালেক্টরেট চত্বরে থাকা অন্ধ্র কেশরী টাঙ্গুতুরি প্রকাশম পন্থুলুর একটি মূর্তি মঙ্গলবার ভোরে ভেঙে পড়ে। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে একটি বড় গাছ মূর্তিটির ওপর পড়ে গেলে এ ঘটনা ঘটে।

জেলা কালেক্টররা মুখ্যমন্ত্রী নাইডুকে জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের ভোট গণনার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।