...|...|...

আবহাওয়া

অক্টোবরজুড়ে আবহাওয়ার পূর্বাভাসে মিলল যেসব সতর্কবার্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, রাত ১১:৩৯
Shares
অক্টোবরজুড়ে আবহাওয়ার পূর্বাভাসে মিলল যেসব সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে মাসজুড়ে দেশের কোথাও কোথাও তিন থেকে চার দিন বজ্রঝড় হতে পারে। বৃষ্টি স্বাভাবিকের চেয়ে কম হলেও আকাশের মতিগতি যে পুরো মাসে শান্ত থাকবে না, সেই ইঙ্গিতই মিলেছে পূর্বাভাসে।

অক্টোবর ২০২৬ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে। সব লঘুচাপ যে শক্তি বাড়িয়ে বড় রূপ নেয়, তা নয়। তবে এবার এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছে অধিদফতর। সাধারণত লঘুচাপ শক্তিশালী হলে তা নিম্নচাপে এবং পরিস্থিতি অনুকূল থাকলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাসের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, অর্থাৎ বর্ষা, ধাপে ধাপে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। ফলে বর্ষার ভেজা আবহাওয়া ক্রমে পেছনে ফেলে দেশ ঢুকছে শুষ্ক ঋতুর দিকে।

বৃষ্টি কম হলেও বজ্রঝড় থেকে রেহাই নেই। পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরে দেশে তিন থেকে চার দিন বজ্রঝড় হতে পারে। যেসব দিনে আকাশ মেঘলা হয়ে বজ্রসহ বৃষ্টির আভাস মিলবে, সেসব দিনে বাইরে চলাচলে সতর্ক থাকাই ভালো।

মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। এতে ভোর ও রাতের দিকে আবহাওয়ায় হালকা আমেজ টের পাওয়া যেতে পারে। তবে পুরো মাসের হিসাবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশিই থাকার আভাস দিয়েছে অধিদফতর।

অক্টোবরজুড়ে দেশের প্রধান নদ-নদীতে পানির প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। তবে ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জায়গায় পানির সমতল সাময়িকভাবে দ্রুত বাড়তে পারে। এসব এলাকার বাসিন্দাদের জন্য তাই পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি।

পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক শূন্য থেকে ৪ দশমিক শূন্য মিলিমিটারের মধ্যে থাকতে পারে। আর গড় উজ্জ্বল সূর্যকিরণকাল থাকতে পারে ৪ দশমিক শূন্য থেকে ৬ দশমিক শূন্য ঘণ্টা।