চলতি অক্টোবরে মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ শঙ্কা রয়েছে। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপ বা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বর মাসের আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে অক্টোবরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, অক্টোবর মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। তবে সাগরে লঘুচাপ ও নিম্নচাপ সৃষ্টি হলে দেশের নদী অববাহিকা ও উপকূলীয় এলাকায় আবহাওয়ার আকস্মিক পরিবর্তন হতে পারে।
অক্টোবরে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। তবে লঘুচাপ বা ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদী অববাহিকায় পানি দ্রুত বাড়তে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, অক্টোবরের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নেবে। এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ০ থেকে ৪ দশমিক ০ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪ দশমিক ০ থেকে ৬ দশমিক ০ ঘণ্টা থাকতে পারে।
আন্তর্জাতিক মডেল, বায়ুমণ্ডলের উপরিভাগের আবহাওয়ার বিন্যাস এবং বিভিন্ন জলবায়ু সূচক বিশ্লেষণ করে এ পূর্বাভাস তৈরি করেছে আবহাওয়া অধিদফতর।


