ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পালটাপালটি বক্তব্যে জড়িয়েছেন ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনি। একজনের মন্তব্যের জবাবে অন্যজনের কটাক্ষ, এরপর নতুন করে পালটা জবাব—সব মিলিয়ে দুই নায়িকার এই দ্বন্দ্ব নিয়ে সরগরম বিনোদন অঙ্গন। এবার পরীমনির উদ্দেশে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অপু বিশ্বাস।
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এই মন্তব্যের পরই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়।
অপুর বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন পরীমনি। সেখানে তিনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’
পোস্টে অপুকে আরও কটাক্ষ করে পরীমনি লেখেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।’
পরীমনির এমন মন্তব্যের পর এবার পালটা জবাব দিয়েছেন অপু বিশ্বাস। রবিবার (১৫ নভেম্বর) গণমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০ টা সিনেমাই ফ্লপ, ৫ টা আন্ডার প্রোডাকশন সেই মানুষ আমার জায়গায় আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন অপু। তিনি বলেন, ‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করিনা। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’
ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে শুরু হওয়া মন্তব্যের পালটাপালটি জবাব এখন দুই অভিনেত্রীর ব্যক্তিগত কটাক্ষে গড়িয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।


