গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গরুর মাংস দিয়ে বৌভাতের আয়োজনের অভিযোগে বরের বাবা রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জবাই করা গরুর মাংস, চামড়া ও মাথা জব্দ করা হয়। ঘটনার পর বৌভাতের আয়োজন ভণ্ডুল হয়ে যায়।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সাথে রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে শুক্রবার সম্পন্ন হয়। পরদিন শনিবার সোহানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানের জন্য রফিকুল ইসলাম একটি গরু জবাই করে রান্নার প্রস্তুতি নেন।
এর মধ্যে উপজেলার পূর্ব মাস্তা গ্রামের মৃত আলী শেখের ছেলে শহিদুল ইসলামের একটি গরু শুক্রবার ভোররাতে গোয়ালঘর থেকে চুরি হয়। পরে চুরি যাওয়া গরুর পায়ের দাগ অনুসরণ করে শহিদুল ও তার ভাতিজা আনারুল রফিকুল ইসলামের বাড়িতে যান। সেখানে বৌভাতের জন্য জবাই করা গরুটি দেখে তারা সেটি নিজেদের চুরি যাওয়া গরু বলে শনাক্ত করেন।
এ নিয়ে প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রফিকুল ইসলামের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে শহিদুলের ভাতিজা আনারুলের মাথায় আঘাত করেন। এতে আনারুল গুরুতর আহত হন।
পরে শহিদুল মোবাইল ফোনে বিষয়টি গোবিন্দগঞ্জ থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বর সোহান ও তার ভাই রাব্বি সেখান থেকে পালিয়ে যান। এ সময় রফিকুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। একই সাথে জবাই করা গরুর মাংস, চামড়া ও মাথা জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।


