...|...|...

সারাদেশ

‘ঘুমন্ত বাঘ জাগ্রত হলে ছোবল মারবে’ বলা জসিমকে দল থেকে বহিষ্কার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪৩
Shares
‘ঘুমন্ত বাঘ জাগ্রত হলে ছোবল মারবে’ বলা জসিমকে দল থেকে বহিষ্কার

মো. আ. জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের (জিওপি) সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. আ. জসিম উদ্দিনের সদস্যপদ স্থগিত করেছে দলটি। একইসাথে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জসিম উদ্দিন কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে দলীয় ট্রাক প্রতীকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দফতর থেকে এসংক্রান্ত নোটিশ জারি করা হয়। নোটিশে দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুনের নির্দেশক্রমে তার সদস্য পদ স্থগিত করার কথা উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, জসিম উদ্দিনের বিরুদ্ধে ‘গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে তার লিখিত বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দফতরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গণঅধিকার পরিষদের দফতর সম্পাদক ইঞ্জি. সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল না করলে বা জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে নোটিশে জসিম উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে জসিম উদ্দিনেরও বক্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ঘুমন্ত বাঘকে কখনও জাগ্রত করবেন না। ঘুমন্ত বাঘ যদি একবার জেগে যায় তাহলে সামনে যাকে পাবে তাকেই ছোবল মারবে। 

উল্লেখ্য, কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর কাছে হারেন জসিম উদ্দিন।