...|...|...

খেলা

‘কিং কোহলি’র জন্মদিন আজ, ক্রিকেটের রাজা হয়ে ওঠার গল্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সকাল ৮:২৭ | আপডেট: ৫ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩১
Shares
‘কিং কোহলি’র জন্মদিন আজ, ক্রিকেটের রাজা হয়ে ওঠার গল্প

বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

আজ ৫ নভেম্বর। ভারতীয় ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলির জন্মদিন। ১৯৮৮ সালের এই দিনে ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। ৩৮ বছরে পা রাখা কোহলি শুধু একজন ব্যাটার নন, আধুনিক ক্রিকেটের অন্যতম আলোচিত ও সফল ক্রিকেটার। ব্যাট হাতে ধারাবাহিকতার কারণে ক্রিকেটবিশ্বে তিনি পরিচিত ‘কিং কোহলি’ ও ‘রান মেশিন’ নামে।

 শৈশব থেকেই ক্রিকেটের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। ছেলের আগ্রহ ও প্রতিভা দেখে বাবা প্রেম নাথ কোহলি ১৯৯৮ সালে তাকে ভর্তি করান ওয়েস্ট দিল্লি ক্রিকেট একাডেমিতে। সেখানে কোচ রাজকুমার শর্মার অধীনে শুরু হয় তার নিয়মিত ক্রিকেট অনুশীলন।

 বাবার মৃত্যুর দিনেও ক্রিকেটের প্রতি দায়িত্ববোধের পরিচয় দিয়েছিলেন কোহলি। ২০০৬ সালে রঞ্জি ট্রফিতে কর্ণাটকের বিপক্ষে দিল্লির হয়ে খেলছিলেন তিনি। আগের দিন ৪০ রানে অপরাজিত থাকা অবস্থায় রাতে অসুস্থ হয়ে মারা যান তার বাবা। শোক সামলে পরদিন মাঠে নেমে ৯০ রানের ইনিংস খেলেন ১৮ বছর বয়সী কোহলি। দিল্লিকে ফলোঅন এড়াতেও সাহায্য করেন তিনি। জীবনের সেই কঠিন অভিজ্ঞতা তার ক্রিকেটজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে আছে।

 এরপর ২০০৮ সালে তার নেতৃত্বেই ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে। একই বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কোহলির। সেখান থেকেই শুরু হয় আন্তর্জাতিক ক্রিকেটে তার দীর্ঘ পথচলা।

 সময় গড়ানোর সাথে সাথে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড তার দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে ৮৬টি শতক নিয়ে শচীন টেন্ডুলকারের পরেই তার অবস্থান। ২০২৪ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ফাইনালে ম্যাচসেরাও হন তিনি।

 টেস্ট ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডেতে এখনো ভারতের হয়ে খেলছেন কোহলি। আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে ভারতের হয়ে নিজের শেষ বিশ্বকাপ হিসেবেও ঘোষণা করেছেন এই তারকা।

 ‘কিং কোহলি’ কিংবা ‘রান মেশিন’ যে নামেই ডাকা হোক, ক্রিকেটে তার পরিচয় গড়ে উঠেছে ব্যাট হাতে অসংখ্য রেকর্ড, কঠোর পরিশ্রম ও অদম্য মানসিকতায়।