ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলামকে মোবাইল ফোনে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই নেতার সাথে ওসির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অডিওতে দৌলতখান পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নবী নেওয়াজ আকাশকে ওসির সাথে কথা বলার একপর্যায়ে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়।
মঙ্গলবার (১০ নভেম্বর) অডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। ছড়িয়ে পড়া অডিওতে নবী নেওয়াজ আকাশকে ওসি ফখরুল ইসলামের কাছে দৌলতখানে পুলিশের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলতে শোনা যায়।
কথোপকথনের একপর্যায়ে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের বাড়িতে থাকতে না দেয়ার বিষয়টি উল্লেখ করে পুলিশের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
অডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, কালো রাতে দেখছিলাম এরকম হয় স্যার। আপনি দৌলতখানে এরকম করতেছেন কেন। ছাত্রলীগের ছেলেদের বাড়িতে থাকতে দেবেন না? দৌলতখান উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমার দাদা। আমরা কিন্তু দৌলতখানে আসব, আপনি দৌলতখানের অতিথি। আমাদের শান্তিতে থাকতে দেন।
কথোপকথনের শেষ দিকে তিনি পুলিশের অতীতের একটি ঘটনার প্রসঙ্গ টেনে আরও আক্রমণাত্মক বক্তব্য দেন। এ সময় তাকে বলতে শোনা যায়, আপনাদের ভাইদেরকে (পুলিশ) হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল স্যার। আমরা এলে বিচার পাবেন স্যার। তার এই বক্তব্যকে ওসিকে দেয়া হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে দৌলতখান থানার ওসি মো. ফখরুল ইসলাম জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার (৯ নভেম্বর) রাত থেকে বিভিন্ন এলাকায় পুলিশের টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। রাত আনুমানিক ১১টার দিকে তার সরকারি মোবাইল নম্বরে ফোন করে ওই ব্যক্তি পুলিশের কার্যক্রম নিয়ে এসব কথা বলেন এবং হুমকি দেন।
ওসি আরও জানান, ফোনে কথা বলা ব্যক্তিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ইতোমধ্যে তার বিরুদ্ধে থাকা মামলার তথ্যও নিশ্চিত হয়েছে বলে জানান তিনি।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে দৌলতখান থানায় তিনটি এবং ভোলা সদর মডেল থানায় একটি মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে নাশকতা ও চাঁদাবাজির অভিযোগে মোট চারটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি ফখরুল ইসলাম।


