অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভেতর কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র কিংবা অনৈতিক সিন্ডিকেটকে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে।’
তিনি আরও বলেন, ‘অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’
রুহুল কুদ্দুস কাজল বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের নিরপেক্ষতা বজায় রাখা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আইন কর্মকর্তাদের পেশাগত অবস্থান নিশ্চিত করা হবে।
এ সময় রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দায়িত্ব শুধু মামলা জেতার মধ্যে সীমাবদ্ধ নয় বলেও উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ সহযোগিতা করাও রাষ্ট্রের আইন কর্মকর্তাদের অন্যতম প্রধান দায়িত্ব।


