ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বড় ব্যবধানে হেরে আসিয়ান কাপ শেষ করেছে বাংলাদেশ। এমন হতাশাজনক ফলের পরই বাংলাদেশি দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ইন্দোনেশিয়ার এলেনা নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সাথে নাইট ক্লাবের একটি ছবি প্রকাশ করার পর প্রশ্ন উঠেছে, ম্যাচের আগে বা পরে তারা জাকার্তায় কোনো ক্লাবে গিয়েছিলেন কি না।
এলেনা তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে দাবি করেন, বাংলাদেশি ফুটবলারদের সাথে একটি ক্লাবে তার দেখা হয়েছিল। বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ দেখতে তাদের পক্ষ থেকে তাকে আমন্ত্রণও জানানো হয়েছিল বলে জানান তিনি।
তবে জাতীয় দলের দুই ফুটবলারের এমন ছবি প্রকাশ্যে আসায় শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে দেশের ফুটবলারদের একটি বড় অংশের কাছে অনুসরণীয় হওয়ায় তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডও আলোচনায় আসে।
এর আগে শৃঙ্খলাজনিত ঘটনায় শাস্তির মুখেও পড়েছিলেন সাদ উদ্দিন। ম্যাচ কমিশনারের গায়ে ধাক্কা দেওয়ার ঘটনায় তাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল। পরে জাতীয় দলে খেলার সুযোগ বিবেচনায় ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি সেই শাস্তি ছয় ম্যাচে নামিয়ে আনে।

সাদ-সোহেলের ছবিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই ইন্দোনেশিয়ায় বাংলাদেশের জাতীয় দলের ব্যবস্থাপনা ও শৃঙ্খলা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলটির সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন, মাঠের ব্যর্থতার পেছনে শৃঙ্খলা, সমন্বয় ও ব্যবস্থাপনার বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন। তবে ছবিটি ইন্দোনেশিয়ায় তোলা এবং ম্যাচের আগে বা পরে দুই ফুটবলার সেখানে গিয়েছিলেন এমন দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি।


