বলিউডের বড় পর্দার পরিচিত মুখ অজয় দেবগন এবার হাজির হয়েছেন ছোট পর্দায়। অভিনয়ের বাইরে এবার প্রথমবারের মতো সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। জনপ্রিয় ক্রাইম থ্রিলার অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনের দায়িত্ব নিয়েছেন এই অভিনেতা। গত ৩১ আগস্ট থেকে শুরু হয়েছে অনুষ্ঠানটির নতুন যাত্রা।
অজয়ের টেলিভিশনে আসার খবরের পাশাপাশি তার পারিশ্রমিক নিয়েও শুরু হয়েছে আলোচনা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন সিজনে মোট ১৫টি পর্বে সঞ্চালনা করবেন তিনি। আর এর জন্য তার সাথে প্রায় ৯০ কোটি টাকার চুক্তি হয়েছে বলে জানা গেছে।
অর্থাৎ প্রতি পর্বের জন্য অজয়ের পারিশ্রমিক দাঁড়াচ্ছে প্রায় ৬ কোটি টাকা। এত অল্পসংখ্যক পর্বের জন্য এমন বিপুল পারিশ্রমিক তাকে ভারতীয় টেলিভিশনের সবচেয়ে দামি সঞ্চালকদের তালিকায় জায়গা করে দিয়েছে।
তবে পারিশ্রমিকের দিক থেকে অজয় এখনো শীর্ষে উঠতে পারেননি। ভারতীয় টেলিভিশনে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সঞ্চালকদের তালিকায় দীর্ঘদিন ধরে এগিয়ে রয়েছেন সালমান খান। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে প্রায় দেড় দশক ধরে দর্শকদের সামনে রয়েছেন তিনি।
অজয়ের জন্য ‘ক্রাইম পেট্রোল’ শুধু নতুন একটি অনুষ্ঠান নয়, বরং ছোট পর্দায় তার ক্যারিয়ারেরও নতুন অধ্যায়। বড় পর্দার তারকার সঞ্চালনায় ক্রাইম থ্রিলারটির নতুন সিজন দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলে, সেটিই এখন দেখার বিষয়।


